শিশুদের পুষ্টি সচেতনতায় ক্ষেতলালে বিশ্ব ডিম দিবস পালন | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

শিশুদের পুষ্টি সচেতনতায় ক্ষেতলালে বিশ্ব ডিম দিবস পালন

M Rasel Ahmed avatar   
M Rasel Ahmed
শিশুদের পুষ্টি সচেতনতায় ক্ষেতলালে বিশ্ব ডিম দিবস পালন
শিশুদের পুষ্টি সচেতনতায় ক্ষেতলালে বিশ্ব ডিম দিবস পালন
ছবি: সংগৃহীত
ক্ষেতলালে বিশ্ব ডিম দিবস উপলক্ষে ৪০০ শিক্ষার্থীর মধ্যে ডিম বিতরণ

জয়পুরের ক্ষেতলালে বিশ্ব ডিম দিবস-২০২৬ উপলক্ষে পুষ্টিসচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ক্ষেতলাল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এহেড সোশ্যাল অর্গানাইজেশন (এসো) এ কর্মসূচির আয়োজন করে। এতে সহযোগিতা করে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)। অনুষ্ঠানে ৪০০ শতাধিক শিক্ষার্থীর মধ্যে ডিম বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ফারুক মিয়া বলেন, ডিম সহজলভ্য ও পুষ্টিকর প্রাণিজ আমিষের উৎস। শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে ডিম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই সুষম খাদ্যাভ্যাসে ডিম অন্তর্ভুক্ত করার পাশাপাশি নিরাপদ উৎপাদন ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আজিজুল ইসলাম বলেন, শিশুদের মেধা বিকাশ ও শারীরিক বৃদ্ধিতে পুষ্টিকর খাবারের বিকল্প নেই। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস বিষয়ে সচেতনতা বাড়ানো জরুরি।

এসো-এর প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. বেলাল উদ্দিন ডিমের পুষ্টিগুণ ও নিরাপদ উৎপাদনের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, আধুনিক খামার ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ ও জীব-নিরাপত্তা নিশ্চিত করা গেলে ডিমের উৎপাদন ও গুণগত মান বাড়বে।

এসো-এর উপপরিচালক ও ফোকাল পয়েন্ট কৃষিবিদ মো. মোজাফফর রহমান বলেন, পিকেএসএফের সহযোগিতায় এসো কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, উদ্যোক্তা সৃষ্টি এবং পুষ্টিসচেতনতা বৃদ্ধিতে কাজ করছে। পুষ্টিসমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে নিমগাছের চারা বিতরণ করা হয়। এ সময় উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, ক্ষেতলাল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Walang nakitang komento


News Card Generator