ফরিদপুরের ভাঙ্গায় পাচারের অভিযোগে ২৫০ বস্তা সরকারি সারবোঝাই একটি ট্রাক জব্দ করেছে প্রশাসন। এ ঘটনায় এ কে এম ইলিয়াস হাওলাদার নামে এক সার ডিলার ও ট্রাকের হেলপারকে আটক করা হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার মালিগ্রাম ফ্লাইওভারের নিচ থেকে ট্রাকভর্তি সার জব্দ করা হয়।
আটক এ কে এম ইলিয়াস হাওলাদার ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের সমেদ হাওলাদারের ছেলে। তিনি মালিগ্রাম বাজারের মেসার্স হাওলাদার ট্রেডার্সের স্বত্বাধিকারী এবং চান্দ্রা ইউনিয়নের বিসিআইসি ও বিএডিসি অনুমোদিত সার ডিলার।
পুলিশ, কৃষি বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে সারবোঝাই ট্রাকটি সন্দেহজনকভাবে চলাচল করতে দেখে স্থানীয় লোকজন সেটি আটকে দেন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানানো হয়।
খবর পেয়ে ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শরীফুল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা মোল্লা আল-মামুন এবং ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) ইকবালের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পরে ২৫০ বস্তা সারসহ ট্রাকটি জব্দ করা হয়। একই সঙ্গে সার ডিলার ও ট্রাকের হেলপারকে আটক করে থানায় নেওয়া হয়।
ভাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা মোল্লা আল-মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ২৫০ বস্তা সারবোঝাই ট্রাক জব্দ করা হয়। এ সময় সার ডিলার ও ট্রাকের হেলপারকে আটক করা হয়েছে। এ ঘটনায় ডিলারের বিরুদ্ধে মামলা করা এবং তাঁর ডিলারশিপ বাতিলের উদ্যোগ নেওয়া হবে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, আটক ব্যক্তিরা ও জব্দ করা সার থানা হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পাচারের সময় সার জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. শাহাদুজ্জামান বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, রাতের আঁধারে ট্রাকে করে ২৫০ বস্তা ডিএফপি সার অন্যত্র পাচারের চেষ্টা করা হচ্ছিল। খবর পেয়ে সারবোঝাই ট্রাক জব্দ এবং ডিলারকে আটক করা হয়েছে। ঘটনার সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্ট ডিলারের ডিলারশিপ বাতিল করা হবে।
ফরিদপুরে ২৫০ বস্তা সরকারি সার জব্দ, ডিলার আটক | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও
ফরিদপুরে ২৫০ বস্তা সরকারি সার জব্দ, ডিলার আটক
ছবি: সংগৃহীত
Комментариев нет