ফেসবুকে ‘আমার মনে কষ্ট, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই’ লিখে পোস্ট দেওয়াসহ সরকার ও দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে শিষ্টাচারবহির্ভূত মন্তব্য করার অভিযোগে যুবদল থেকে বহিষ্কার হয়েছেন টাঙ্গাইলের সখীপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম রফিকুল বারী ওরফে রুবেল চৌধুরী।
রোববার (২৫ অক্টোবর) রাতে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি তাকে প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত জানায়।
যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ফেসবুকে সরকার ও দলের জ্যেষ্ঠ নেতাদের সম্পর্কে শিষ্টাচারবহির্ভূত মন্তব্য করে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট অভিযোগে টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম রফিকুল বারীকে (রুবেল চৌধুরী) প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক সংসদ সদস্য মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
এর আগে, গত শুক্রবার (২৩ অক্টোবর) নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে ‘আমার মনে কষ্ট, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই’ লিখে একটি পোস্ট দেন রুবেল চৌধুরী। ওই পোস্টকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি দলীয় সিদ্ধান্ত ও স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে বিভিন্ন অভিযোগ তোলেন। এ ঘটনায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যেও ক্ষোভের সৃষ্টি হয়।
২৫ অক্টোবর রুবেল চৌধুরীর ওই পোস্ট নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। একই দিন রাতে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত জানায় যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
এ বিষয়ে বক্তব্য জানতে রুবেল চৌধুরীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
সূত্র: কালবেলা