লুনার প্রতিশ্রুতি,উন্নয়নবঞ্চিত থাকবে না সিলেট-২ আসনের কোনো এলাকা.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

লুনার প্রতিশ্রুতি,উন্নয়নবঞ্চিত থাকবে না সিলেট-২ আসনের কোনো এলাকা..

Satyajit Das avatar   
Satyajit Das
লুনার প্রতিশ্রুতি,উন্নয়নবঞ্চিত থাকবে না সিলেট-২ আসনের কোনো এলাকা..
লুনার প্রতিশ্রুতি,উন্নয়নবঞ্চিত থাকবে না সিলেট-২ আসনের কোনো এলাকা..
ছবি: সংগৃহীত
সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার করে পর্যায়ক্রমে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা। আগামী পাঁচ বছরে দুই উপজেলার ১৪৪টি ওয়ার্ডে উন্নয়নে..

সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন,এলাকার সম্পদ সীমিত। তাই বিদ্যমান সম্পদের সর্বোত্তম ব্যবহার করে পর্যায়ক্রমে সার্বিক উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হবে। সিলেট-২ আসনের কোনো এলাকাই উন্নয়ন থেকে বঞ্চিত থাকবে না। পাশাপাশি সাবেক সংসদ সদস্য এম. ইলিয়াস আলীর সময়ের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করা হবে।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তাহসিনা রুশদীর লুনা বলেন,গত ১৭ বছরে এলাকায় নানা সমস্যা জমেছে। এসব সমস্যার সবকিছু মাত্র পাঁচ বছরে সমাধান করা সম্ভব নয়। তবে তিনি আশ্বাস দেন, অগ্রাধিকার নির্ধারণ করে পর্যায়ক্রমে উন্নয়নকাজ বাস্তবায়ন করা হবে।

তিনি আরও বলেন, “আমি কোনো মিথ্যা প্রতিশ্রুতি দিই না। ২০১২ সাল থেকে এই আসনের প্রতিটি এলাকায় আমার বিচরণ রয়েছে। ফলে দুই উপজেলার সমস্যাগুলো আমার চিহ্নিত করা আছে।”

উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরে সংসদ সদস্য বলেন, গুরুত্বপূর্ণ সড়কসহ বিভিন্ন অবকাঠামোর উন্নয়নকাজ অগ্রাধিকার ভিত্তিতে ইতোমধ্যে শুরু হয়েছে। গত সাত মাসে প্রতিটি ওয়ার্ডে ছোট-বড় বিভিন্ন উন্নয়নকাজ সম্পন্ন হয়েছে। এ ছাড়া প্রায় শতাধিক সড়ক সংস্কার প্রকল্পের আওতায় আনা হয়েছে। আগামী পাঁচ বছরে দুই উপজেলার ১৪৪টি ওয়ার্ডে সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্য রয়েছে।

খাজাঞ্চী ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল বশর মো. ফারুকের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রহিম আলী। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন খাজাঞ্চী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলাম।

ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদ আহমেদ ও সাংগঠনিক সম্পাদক আব্দুর রব সরকারের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাবেক আহ্বায়ক গৌছ খান, পৌর বিএনপির সভাপতি হাজী আব্দুল হাই, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ময়নুল হক, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোনায়েম খান, সাবেক যুগ্ম সম্পাদক কাওছার খান, যুক্তরাজ্যের নিউহাম বিএনপির সাংগঠনিক সম্পাদক মুমিন খান মুন্না, উপজেলা বিএনপির সাবেক সহসাংগঠনিক সম্পাদক তালুকদার গিয়াস উদ্দিন, বর্তমান দপ্তর সম্পাদক আমির উদ্দিন, প্রচার সম্পাদক কয়েছ মিয়া এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আশিকুর রহমান রানা।

এ ছাড়া বক্তব্য দেন খাজাঞ্চী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কালাম, ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি সিরাজ উদ্দিন, ৬ নম্বর ওয়ার্ডের সভাপতি ধনাই মিয়া, ৭ নম্বর ওয়ার্ডের সভাপতি ইছবর আলী, ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি লোকমান আহমদ, ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক আপ্তাব আলী, ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক শফিক খান, ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক আবু সাইদ, ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান এবং খাজাঞ্চী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মাসুক মিয়া।

মতবিনিময় সভায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

没有找到评论


News Card Generator