শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং বিভিন্ন হাটবাজারে গণসংযোগ করেছেন বাগেরহাটের মোল্লাহাট উপজেলার ৫ নম্বর গাওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা দেলোয়ার হোসেন বিপ্লব।
সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৩টার দিকে রাজপাট কাকা মিয়ার ঘাট এলাকা থেকে মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন তিনি। শোভাযাত্রাটি গাওলা ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে পূজামণ্ডপগুলোতে পৌঁছায়। এ সময় তিনি পূজামণ্ডপ পরিদর্শন, ভক্ত ও দর্শনার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং পূজার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। পরে বিভিন্ন হাটবাজারে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় ও গণসংযোগ করেন।
এ সময় মোল্লাহাট প্রেসক্লাবের সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোল্লা দেলোয়ার হোসেন বিপ্লব বলেন, নির্বাচিত হলে গাওলা ইউনিয়নের শিক্ষা, যোগাযোগব্যবস্থা ও সার্বিক উন্নয়নে কাজ করবেন। পাশাপাশি বেকারত্ব দূরীকরণেও উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি।
মাদক প্রতিরোধ প্রসঙ্গে তিনি বলেন, মাদকাসক্ত ব্যক্তিদের সুস্থ জীবনে ফিরিয়ে আনতে ইউনিয়ন পরিষদের পাশে একটি মাদক নিরাময়কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেবেন। তরুণ ও যুবসমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানান। এ ছাড়া এলাকার মসজিদ, মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন তিনি।
পরিদর্শনকালে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।