দুর্গাপূজা উপলক্ষে সাতক্ষীরার দুই উপজেলায় ২৫০ শাড়ি ও আর্থিক অনুদান বিতরণ.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

দুর্গাপূজা উপলক্ষে সাতক্ষীরার দুই উপজেলায় ২৫০ শাড়ি ও আর্থিক অনুদান বিতরণ..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক: avatar   
দুর্গাপূজা উপলক্ষে সাতক্ষীরার দুই উপজেলায় ২৫০ শাড়ি ও আর্থিক অনুদান বিতরণ..
দুর্গাপূজা উপলক্ষে সাতক্ষীরার দুই উপজেলায় ২৫০ শাড়ি ও আর্থিক অনুদান বিতরণ..
ছবি: সংগৃহীত
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাতক্ষীরার তালা ও আশাশুনি উপজেলায় সনাতন ধর্মাবলম্বীসহ অসহায় ও দুস্থ মানুষের মাঝে শাড়ি ও আর্থিক সহায়তা বিতরণ..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক, সাতক্ষীরা:

 

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাতক্ষীরার তালা ও আশাশুনি উপজেলায় সনাতন ধর্মাবলম্বীসহ অসহায় ও দুস্থ মানুষের মাঝে শাড়ি ও আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর ত্রাণভান্ডার থেকে প্রাপ্ত সহায়তার আওতায় আয়োজিত এসব কর্মসূচিতে উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়া এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

 

সোমবার (১৯ অক্টোবর) সকালে তালা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শাড়ি ও আর্থিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমির ডা. মাহমুদুল হক, উপজেলা আইসিটি কর্মকর্তা মোতাহার হোসেন, সাতক্ষীরা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি গাজী সুজায়েত আলী, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী এবং উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি প্রভাষক মুস্তাফিজুর রহমান রেন্টুসহ অন্যরা।

অনুষ্ঠানে দুর্গাপূজা উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের মধ্যে ১০০টি শাড়ি বিতরণ করা হয়। পাশাপাশি ২৫ জনকে ১০ হাজার টাকা করে মোট ২ লাখ ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়।

অন্যদিকে, একই দিন বেলা ১১টায় আশাশুনি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে শাড়ি ও আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার।

এ কর্মসূচিতে উপজেলার সাতজন অসহায় ও দুস্থ ব্যক্তিকে ১০ হাজার টাকা করে মোট ৭০ হাজার টাকার অনুদানের চেক দেওয়া হয়। এ ছাড়া শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের ১৫০টি পরিবারের মধ্যে একটি করে শাড়ি বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। শারদীয় দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব হলেও এ উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে পড়ুক—এটাই প্রত্যাশা। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাইকে মিলেমিশে শান্তিপূর্ণ পরিবেশে উৎসব উদ্‌যাপন করতে হবে।

তিনি আরও বলেন, আর্থিক অসচ্ছলতার কারণে কোনো মানুষ যেন উৎসবের আনন্দ থেকে বঞ্চিত না হন, সে জন্য সাধ্যমতো সহযোগিতা অব্যাহত রাখা প্রয়োজন। সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে। পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহমর্মিতা ও ধর্মীয় সম্প্রীতির মধ্য দিয়েই একটি শান্তিপূর্ণ ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব।

আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামানন্দ কুন্ডুর সভাপতিত্বে এবং উপজেলা জামায়াতের আমির আবু মুসা তারিকুজ্জামান তুষারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আমিরুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি নীলকণ্ঠ সম, বুধহাটা কলেজিয়েট স্কুলের সাবেক প্রধান শিক্ষক চিত্তরঞ্জন ঘোষ, অ্যাডভোকেট শহিদুল ইসলাম, সংসদ সদস্যের এপিএস শরিফুল ইসলাম, পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক রনজিৎ কুমার বৈদ্য, মহিলা কলেজের প্রভাষক রতন কুমার অধিকারী, আশাশুনি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান ও সাধারণ সম্পাদক আকাশ হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা।

তালা ও আশাশুনিতে এসব সহায়তা বিতরণ কার্যক্রমকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মানবিক উদ্যোগ হিসেবে স্বাগত জানানো হয়। আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগ ধর্মীয় সম্প্রীতি জোরদার করার পাশাপাশি উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতে ভূমিকা রাখবে।

لم يتم العثور على تعليقات


News Card Generator