কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ৬০ হাজার ৩০০ টাকা; কারাদণ্ড ৩ জনের.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ৬০ হাজার ৩০০ টাকা; কারাদণ্ড ৩ জনের..

MD MOLLAH avatar   
MD MOLLAH
কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ৬০ হাজার ৩০০ টাকা; কারাদণ্ড ৩ জনের..
কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ৬০ হাজার ৩০০ টাকা; কারাদণ্ড ৩ জনের..
ছবি: সংগৃহীত
****
কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ৬০ হাজার ৩০০ টাকা; কারাদণ্ড ৩ জনের
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি :
গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাঁচটি মামলায় মোট ৬০ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অভিযানে অবৈধ স্থাপনার বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) উপজেলার বাসাইর বাজার, জামালপুর ও ফুলদি এবং বক্তারপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭ ও ৫২ ধারায় দুটি মামলায় মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে নামবিহীন ও মোড়কবিহীন জন্মদিনের কেক উৎপাদন এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় নুবহা জেনারেল হাসপাতালের সহকারী ম্যানেজার মো. আনোয়ার হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই হাসপাতালে অপারেশন থিয়েটারে যথাযথ যন্ত্রপাতি ও প্রয়োজনীয় হালনাগাদ কাগজপত্র দেখাতে না পারায় হাসপাতাল কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তিনটি মামলায় তিনজনকে প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়। একই সঙ্গে তাঁদের যথাক্রমে ১৫ দিন, তিন মাস ও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অভিযানে বাসাইর বাজারের একটি অবৈধ স্থাপনার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
অভিযানে বিভিন্ন অপরাধে দণ্ডিত ব্যক্তিরা হলেন—ভোলা জেলার চরফ্যাশন উপজেলার শশিভূষণ এলাকার মো. ফারুক হোসেন (৩৪), নুবহা জেনারেল হাসপাতালের সহকারী ম্যানেজার মো. আনোয়ার হোসেন (৪৩), বক্তারপুরের মাঝুখান এলাকার মো. রাব্বি (২৬), জামালপুরের কলাপাটুয়া এলাকার আসিফ (২৩) এবং বক্তারপুরের ফুলদি এলাকার মো. মোতালিব (২৮)।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানা রশীদ, স্যানিটারি ইন্সপেক্টর দেব প্রসাদ মিত্র এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গাজীপুর জেলা কার্যালয়ের পরিদর্শক মুহাম্মদ মাহবুবুল আলম ভূঞা। বেঞ্চ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন মাহবুবুল ইসলাম।
ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ, স্বাস্থ্যসেবা ও মাদকবিরোধী আইন বাস্তবায়নের পাশাপাশি জনস্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।
কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator