মেহেদী হাছান ফরিদগঞ্জ:
নিরাপদ হেলমেট ব্যবহার, সচেতন ড্রাইভিং এবং বাইকারদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ গড়ে তোলার লক্ষ্য নিয়ে চাঁদপুরের ফরিদগঞ্জে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে সামাজিক ও রাইডিং কমিউনিটি ‘ফরিদগঞ্জ বাইক রাইডার্স’।
শনিবার (১৭ অক্টোবর ২০২৬) বিকেল ৩টায় ফরিদগঞ্জ বাস স্ট্যান্ড সংলগ্ন আরাফাত হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কমিউনিটিটির শুভ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কেটে ও অফিশিয়াল লোগো উন্মোচন করে সংগঠনটির শুভ উদ্বোধন ঘোষণা করেন ফরিদগঞ্জের দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক সার্জেন্ট নজরুল ইসলাম। উদ্বোধনী বক্তব্যকালে তিনি তরুণ বাইকারদের উদ্দেশ্যে বলেন, “বাইকিং শুধু রোমাঞ্চ নয়, এটি অত্যন্ত দায়িত্বশীল একটি কাজ।
গতি নিয়ন্ত্রণের পাশাপাশি সবসময় হেলমেট ও প্রয়োজনীয় সেফটি গিয়ার পরিধান করে গাড়ি চালানো এবং ট্রাফিক আইন মেনে চলাই একজন সচেতন বাইকারের মূল পরিচয়।” তিনি তরুণদের এই সুসংগঠিত উদ্যোগকে স্বাগত জানান এবং সবসময় ট্রাফিক আইন মেনে পথ চলার আহ্বান জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে ফরিদগঞ্জ উপজেলার একঝাঁক প্রাণবন্ত তরুণ বাইকার অংশ নেন। অনুষ্ঠান শেষে নতুন কমিটির কর্মকর্তা ও সদস্যদের হাতে কমিউনিটির অফিশিয়াল জার্সি এবং বাইকের বিশেষ স্টিকার তুলে দেওয়া হয়।
কমিউনিটির প্রতিষ্ঠাতা অ্যাডমিন হাসিবুল হক ভূঁইয়া জানান, তরুণ সমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রেখে ইতিবাচক সামাজিক কর্মকাণ্ড এবং নিরাপদ সড়ক নিশ্চিতে জনসচেতনতা তৈরিতে কাজ করবে এই প্ল্যাটফর্ম।
নবগঠিত এই কমিউনিটির পরিচালনায় রয়েছেন: প্রতিষ্ঠাতা অ্যাডমিন: হাসিবুল হক ভূঁইয়া, উপদেষ্টা অ্যাডমিন: মেহেদী মিরন
অ্যাডমিন বৃন্দ: নূর আলম, শাহআলম, জাহিদুল ইসলাম প্রান্ত এবং মেহেদী আশ্রাফ লিমন।
মডারেটর বৃন্দ: বিল্লাল হোসেন বাবলু, ওমর, আজিজুল ইসলাম, মীর-রিয়াদ এবং শাহরিয়ার শুভ।
অনুষ্ঠানে উপস্থিত তরুণ বাইকাররা আশাবাদ ব্যক্ত করেন যে, ‘ফরিদগঞ্জ বাইক রাইডার্স’ কেবল একটি রাইডিং গ্রুপ হিসেবে নয়, বরং যেকোনো মানবিক ও সামাজিক প্রয়োজনে এলাকার মানুষের পাশে দাঁড়াতে অগ্রণী ভূমিকা পালন করবে।