পীরগঞ্জে দুর্গাপূজায় সীমান্তে নিরাপত্তা জোরদার, পূজামণ্ডপে বিজিবির সতর্ক টহল
মোঃ আসাদুজ্জামান, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আনন্দমুখর, সুষ্ঠু ও সম্প্রীতিময় পরিবেশে উদযাপনে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সীমান্ত সংলগ্ন পূজামণ্ডপগুলোতে কঠোর নিরাপত্তা নিশ্চিত করেছে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)।
শুক্রবার (১৬ অক্টোবর) দিনব্যাপী দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনস্থ সীমান্ত এলাকার অংশ হিসেবে পীরগঞ্জ উপজেলার সেনগাঁও ইউনিয়নের দেওদা কানারী পূজামণ্ডপসহ পার্শ্ববর্তী বিভিন্ন পূজামণ্ডপে বিজিবির বিশেষ টহল ও পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হয়।
স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত ঘেঁষা এলাকা হওয়ায় এসব পূজামণ্ডপে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং ভক্ত ও দর্শনার্থীরা যেন নির্বিঘ্নে তাদের ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন, সে লক্ষ্যে সতর্ক অবস্থানে রয়েছে ৪২ বিজিবির সদস্যগণ। নিয়মিত টহলের পাশাপাশি মণ্ডপগুলোর আশপাশে নজরদারি বাড়ানো হয়েছে।
নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে দিহানগর বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার সাইফুল ইসলাম জানান, "শারদীয় দুর্গাপূজা আবহমান বাংলার দীর্ঘদিনের সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক। মণ্ডপগুলোতে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা করা এবং সনাতন ধর্মাবলম্বী নাগরিকেরা যেন ভয়হীন ও আনন্দঘন পরিবেশে পূজা উদযাপন করতে পারেন, তা নিশ্চিত করতেই বিজিবির এই সমন্বিত নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হচ্ছে।" পূজার শেষ দিন পর্যন্ত বিজিবির এই সতর্ক নজরদারি ও টহল বজায় থাকবে বলেও জানান তিনি।
এদিকে সীমান্তে বিজিবির এমন তৎপরতা ও কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের ফলে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ও মণ্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ স্বস্তি ও সন্তোষ প্রকাশ করেছেন।