মোঃ রায়হান মিয়া,কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি:
চাঁদপুরের কচুয়ায় পুলিশের অভিযানে ৩৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. শাহাদাত (২৯) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) কচুয়া উপজেলার ২ নং পাথৈর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের পদুয়া গ্রামের ভূঁইয়া বাড়ির কবরস্থানের সামনের পাকা সড়ক থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল ইসলামের নির্দেশক্রমে এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হকের নেতৃত্বে এসআই রুবেল হোসেনসহ পুলিশের একটি দল মাদক উদ্ধারে অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন মো. শাহাদাতের দেহ তল্লাশি করে ৩৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১০ হাজার ২০০ টাকা বলে জানিয়েছে পুলিশ। আটক শাহাদাত কচুয়া উপজেলার ২ নং পাথৈর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বড়দৈল গ্রামের নোয়ালী বেপারী বাড়ির বাসিন্দা। তিনি মৃত বাচ্চু মিয়ার ছেলে।
এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় কচুয়া থানায় এফআইআর নং-২২ মূলে মামলা রুজু করা হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার (১৬ অক্টোবর) আটক ব্যক্তিকে যথাযথ পুলিশ পাহারায় বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।