কালীগঞ্জে ১৫১ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি :
গাজীপুরের কালীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ১৫১ পিস কথিত ইয়াবা ট্যাবলেটসহ উজ্জল চন্দ্র মন্ডল (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে উপজেলার নাগরী ইউনিয়নের বিরুয়া (নলছাটা) এলাকায় নাগরী বাজার-নলছাটাগামী পাকা সড়কে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
কালীগঞ্জ থানা পুলিশের তথ্যমতে, গোপন সংবাদের ভিত্তিতে উলুখোলা পুলিশ ক্যাম্পের সদস্যরা ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করেন। পরে উজ্জল চন্দ্র মন্ডলকে আটক করা হয়।
পুলিশ জানায়, সাক্ষীদের উপস্থিতিতে গ্রেপ্তারকৃত ব্যক্তির পরিহিত প্যান্টের বাম পকেট থেকে দুটি স্বচ্ছ সাদা এয়ারটাইট পলিপ্যাকে রাখা গোলাপি রঙের ১৫১ পিস কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ট্যাবলেটগুলোর ওজন ১৫ গ্রাম। এজাহারে এসব মাদকের আনুমানিক বাজারমূল্য ৪৫ হাজার ৩০০ টাকা উল্লেখ করা হয়েছে। পরে যথাযথ জব্দতালিকা প্রস্তুত করে মাদকদ্রব্যগুলো জব্দ করা হয়।
গ্রেপ্তার উজ্জল চন্দ্র মন্ডল নাগরী ইউনিয়নের সুজাপুর (পূর্ব পাড়া) গ্রামের শংকর চন্দ্র মন্ডল ও গীতা রানী চন্দ্র মন্ডলের ছেলে। এজাহারে উল্লেখ করা হয়েছে, তিনি তাঁর ছোট ভাই শিতল চন্দ্র মন্ডলের সহযোগিতায় ইয়াবা ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তবে এ বিষয়ে তদন্ত চলছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) ও ৪১ ধারায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় এজাহার দাখিল করা হয়েছে।
কালীগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যের অবৈধ ক্রয়-বিক্রয় ও বিস্তার রোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। মাদকমুক্ত সমাজ গঠন ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছে।
মোঃ ওমর আলী মোল্যা
মোবাইল -০১৭২৯৮৩৭৮৯৩
কালীগঞ্জ -গাজীপুর।