কালাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
সজিবুল ইসলাম পাভেল, কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে জয়পুরহাটের কালাইয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পূজামণ্ডপের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহবুব, কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম, উপজেলা প্রকৌশলী সুমন কুমার দেবনাথ, উপজেলা কৃষি কর্মকর্তা হারুনুর রশিদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মনিরুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাদিকুর রহমান মণ্ডল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাসিবুল হাসান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শরীফ হোসেন এবং কালাই ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার আতাউর রহমান।
এ ছাড়া উপস্থিত ছিলেন কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহীম হোসেন ফকির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মৌদুদ আলম, কালাই পৌর বিএনপির আহ্বায়ক সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল, যুগ্ম আহ্বায়ক আব্দুল আলীম, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কালাই উপজেলা শাখার সভাপতি শ্রী অশোক কুমার দত্ত ও সাধারণ সম্পাদক শ্রী উত্তম কুমার মহন্ত বিটল, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি মুনীষ চৌধুরী ও সাধারণ সম্পাদক সমীর কুমার কুন্ডসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কালাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী উত্তম কুমার মহন্ত বিটল বলেন, কালাই উপজেলা সৌহার্দ্য ও সম্প্রীতির এক অনন্য শান্তিময় উপজেলা। প্রতিমা তৈরির সময় এমন কোনো অশোভন ভঙ্গি বা উপস্থাপনা করা উচিত নয়, যাতে কোনো ধরনের সমস্যার সৃষ্টি হয়।
তিনি আরও বলেন, আমি ২১ বছর ধরে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি। কিন্তু গত তিন-চার বছর ধরে শুনতে হচ্ছে, বিসর্জনের দিন আমরা নাকি শুধু নাচানাচি করি আর মদ পান করি। এ ধরনের কথা ঠিক নয়। এসব কথা শুনে খুব খারাপ লাগে।
তিনি দুর্গাপূজা উদযাপন ও প্রতিমা বিসর্জনের সময় ধর্মীয় ভাবগাম্ভীর্য, শৃঙ্খলা ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।
দূর্গাপূজা উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ বলেন, শারদীয় দুর্গাপূজা যেন সবার অংশগ্রহণে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় সে বিষয়ে উপজেলা প্রশাসন কাজ করছে।
পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আমরা প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন করেছি।
এ সময় তিনি ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সবাইকে পারস্পরিক সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানান।
কালাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও
কালাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত..
ছবি: সংগৃহীত
Walang nakitang komento