সাতক্ষীরায় মর্মান্তিক দুই দুর্ঘটনা: ট্রাকের ধাক্কায় শিক্ষিকা নিহত, গাছ থেকে পড়ে প্রাণ গেল যুবকের.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সাতক্ষীরায় মর্মান্তিক দুই দুর্ঘটনা: ট্রাকের ধাক্কায় শিক্ষিকা নিহত, গাছ থেকে পড়ে প্রাণ গেল যুবকের..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক: avatar   
সাতক্ষীরায় মর্মান্তিক দুই দুর্ঘটনা: ট্রাকের ধাক্কায় শিক্ষিকা নিহত, গাছ থেকে পড়ে প্রাণ গেল যুবকের..
সাতক্ষীরায় মর্মান্তিক দুই দুর্ঘটনা: ট্রাকের ধাক্কায় শিক্ষিকা নিহত, গাছ থেকে পড়ে প্রাণ গেল যুবকের..
ছবি: সংগৃহীত
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষিকার, গাছ থেকে পড়ে নিহত ১৮ বছরের যুবক

শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক, সাতক্ষীরা:

সাতক্ষীরায় পৃথক দুটি দুর্ঘটনায় এক স্কুলশিক্ষিকা ও এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকালে সদর উপজেলার বৈকারী মোল্লার মোড়ে ট্রাকের ধাক্কায় শামীমা নাসরিন (স্কুলশিক্ষিকা) নিহত হন। এ ঘটনায় তাঁর স্বামী আব্দুল মজিদ গুরুতর আহত হয়েছেন। অন্যদিকে, শ্যামনগর উপজেলার গোবিন্দপুর গ্রামে গাছ থেকে পড়ে শাহিনুজ্জামান শাহিন (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

নিহত শামীমা নাসরিন সাতক্ষীরা সদর উপজেলার ভাড়ুখালি মাধ্যমিক বিদ্যালয়ের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়ের শিক্ষক ছিলেন। তিনি বৈকারী গ্রামের মো. জালালউদ্দীনের মেয়ে।

সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানান, সোমবার সকালে স্বামী আব্দুল মজিদের মোটরসাইকেলে করে বাবার বাড়ি থেকে বিদ্যালয়ের উদ্দেশে রওনা হন শামীমা। পথে বৈকারী এলাকার মোল্লা বাড়ির মোড়ে বাম দিকে মোড় নেওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের ধাক্কা লাগে।

এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান শামীমা। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনায় গুরুতর আহত আব্দুল মজিদকে স্থানীয়রা উদ্ধার করে সাতক্ষীরার একটি ক্লিনিকে ভর্তি করেন।

পুলিশ জানায়, দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে। পরে সেটি বৈকারী ইউনিয়ন পরিষদের জিম্মায় রাখা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন উপপরিদর্শক শরিফুল ইসলাম।

এদিকে, একই দিন সকাল ৭টার দিকে শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে বাড়ির সামনে রেইনট্রি গাছ থেকে পড়ে শাহিনুজ্জামান শাহিন (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শাহিন ওই গ্রামের ইসরাফিল হোসেনের ছেলে। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে বাড়ির সামনের একটি রেইনট্রি গাছে উঠে ভাইরাস পোকা কাটছিলেন শাহিন। এ সময় অসাবধানতাবশত গাছ থেকে মাটিতে পড়ে গুরুতর আহত হন তিনি।

পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সাতক্ষীরায় একই সকালে ঘটে যাওয়া পৃথক দুর্ঘটনায় দুই পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। একদিকে বিদ্যালয়ে যাওয়ার পথে প্রাণ হারিয়েছেন একজন শিক্ষক, অন্যদিকে গাছ থেকে পড়ে অকালে ঝরে গেছে ১৮ বছর বয়সী এক যুবকের প্রাণ।

没有找到评论


News Card Generator