রিপোর্ট: রত্না বেগম
নরসিংদীর মাধবদীতে মাদকবিরোধী মোবাইল কোর্টের অভিযানে ১০০ গ্রাম গাঁজা ও সেবনের উপকরণ কলকি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মো. রুবেল (৩০) নামে এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১১ অক্টোবর) মাধবদী থানাধীন চৈতাব এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নরসিংদী জেলা কার্যালয়ের ‘ক’ সার্কেলের উদ্যোগে পরিচালিত অভিযানে গাঁজা ও গাঁজা সেবনের কাজে ব্যবহৃত একটি কলকি জব্দ করা হয়।
অভিযান শেষে নরসিংদীর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান শিমুল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। গাঁজা সেবনের উদ্দেশ্যে সংরক্ষণের অপরাধে মো. রুবেলকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পরে তাঁকে নরসিংদী জেলা কারাগারে পাঠানো হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নরসিংদী জেলা কার্যালয়ের পরিদর্শক সাহিদা বেগম এ অভিযানে প্রসিকিউশনের দায়িত্ব পালন করেন।
মাদকবিরোধী অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকের অপব্যবহার রোধে এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।