আন্তর্জাতিক গবেষণা প্রতিযোগিতায় কালাইয়ের স্কুলছাত্র আশিকের সাফল্য
সজিবুল ইসলাম পাভেল, কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে গবেষণা এবং প্রবন্ধ প্রতিযোগিতায় অংশ নিয়ে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন জয়পুরহাটের কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী আশিক আহমেদ। দক্ষিণ কোরিয়াভিত্তিক একটি আন্তর্জাতিক গবেষণা প্রতিযোগিতায় ৩৪ দেশের শিক্ষার্থীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে ‘অ্যাওয়ার্ড অব মেরিট’ অর্জনের পাশাপাশি যুক্তরাজ্যভিত্তিক আরেকটি প্রবন্ধ প্রতিযোগিতায় স্কলারশিপ ও স্বীকৃতি পেয়েছেন তিনি।
আশিকের এ সাফল্যে গর্বিত তাঁর শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও স্থানীয় শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁর অর্জনকে অন্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টার দিকে আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জন করায় আশিক আহমেদকে অভিনন্দন জানান কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ।
আশিক আহমেদ ক্ষেতলাল উপজেলার কাঁচাকুল গ্রামের মিজানুর রহমান ও আকলিমা দম্পতির সন্তান। তিনি কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
আশিক জানায়, দক্ষিণ কোরিয়াভিত্তিক আইকানিউজ আন্তর্জাতিক গবেষণা কেন্দ্রের অনলাইন গবেষণা প্রতিযোগিতায় তার গবেষণার বিষয় ছিল ভবিষ্যতে বাংলাদেশের শিক্ষা ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কী কী উপায়ে ব্যবহার করা যেতে পারে। এ প্রতিযোগিতায় ৩৪টি দেশের শিক্ষার্থীরা অংশ নেয়। তাদের মধ্যে স্কুলপর্যায়ে ১০ জনকে ‘অ্যাওয়ার্ড অব মেরিট’ দেওয়া হয়।
এ ছাড়া যুক্তরাজ্যভিত্তিক ইমার্স এডুকেশনের প্রবন্ধ প্রতিযোগিতায় অংশ নিয়ে স্কলারশিপ ও আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে সে।
নিজের অর্জনের অনুভূতি জানিয়ে আশিক আহমেদ বলেন, একজন শিক্ষার্থী হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে এ ধরনের স্বীকৃতি অর্জন আমার জন্য আনন্দের ও অনুপ্রেরণার বিষয়। ইমার্স এডুকেশনের মাধ্যমে বিশ্বের খ্যাতনামা অক্সফোর্ড, কেমব্রিজ, ইউনিভার্সিটি কলেজ লন্ডন ও সিডনি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে গবেষণার সুযোগ রয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক জার্নালে গবেষণাপত্র প্রকাশেরও সুযোগ রয়েছে।
আশিক আরও বলেন, আমার এ অর্জন জয়পুরহাট জেলার অন্য শিক্ষার্থীদের পড়াশোনা, গবেষণা, লেখালেখি এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণে উৎসাহিত করবে বলে আশা করি।
কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বকুল বলেন, আন্তর্জাতিক গবেষণায় আমাদের বিদ্যালয়ের দশম শ্রেণির একজন শিক্ষার্থীর স্বীকৃতি অর্জন অবশ্যই গর্বের বিষয়। আশিকের সাফল্য প্রমাণ করে, সঠিক লক্ষ্য, ইচ্ছাশক্তি ও কঠোর পরিশ্রম থাকলে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের সঙ্গে প্রতিযোগিতা করেও সাফল্য অর্জন করা সম্ভব। তার এ অর্জনে আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের বিদ্যালয় ও দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে।
কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ বলেন, শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা ও গবেষণামূলক মানসিকতা গড়ে তুলতে হবে। আশিকের আন্তর্জাতিক স্বীকৃতি ও পুরস্কার অন্য শিক্ষার্থীদের জন্য বড় অনুপ্রেরণা। তার এ সাফল্য দেখে অন্য শিক্ষার্থীরাও বিজ্ঞান, প্রযুক্তি ও গবেষণার প্রতি আরও আগ্রহী হবে বলে আশা করি।
আশিকের এ অর্জন স্থানীয় শিক্ষাঙ্গনে নতুন সম্ভাবনার বার্তা দিচ্ছে। শিক্ষাজীবনের শুরুতেই আন্তর্জাতিক পর্যায়ে গবেষণা ও লেখালেখিতে সাফল্য অর্জনের মধ্য দিয়ে সে অন্য শিক্ষার্থীদেরও নতুন কিছু শেখা, জানার আগ্রহ তৈরি এবং বিশ্বমঞ্চে নিজেদের যোগ্যতা তুলে ধরার অনুপ্রেরণা জোগাচ্ছে।
আন্তর্জাতিক গবেষণা প্রতিযোগিতায় কালাইয়ের স্কুলছাত্র আশিকের সাফল্য.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও
আন্তর্জাতিক গবেষণা প্রতিযোগিতায় কালাইয়ের স্কুলছাত্র আশিকের সাফল্য..
ছবি: সংগৃহীত
Ingen kommentarer fundet