কন্যাশিশু দিবসেই ৭ম শ্রেণির কনার বাল্যবিয়ে | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কন্যাশিশু দিবসেই ৭ম শ্রেণির কনার বাল্যবিয়ে

Md Ubaydullah Rume avatar   
Md Ubaydullah Rume
কন্যাশিশু দিবসেই ৭ম শ্রেণির কনার বাল্যবিয়ে
কন্যাশিশু দিবসেই ৭ম শ্রেণির কনার বাল্যবিয়ে
ছবি: সংগৃহীত
‎‎উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ:

জাতীয় কন্যাশিশু দিবসেই ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর বাল্যবিয়ের আয়োজন করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) উপজেলার সোহাগী ইউনিয়নের হাটুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে বাল্যবিয়ে বন্ধে হস্তক্ষেপ করে উপজেলা প্রশাসন। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই ছাত্রীর বাবা কদ্দুস মিয়াকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কনা আক্তার সোহাগী স্বপ্ন সিঁড়ি হাই স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। সে হাটুলিয়া গ্রামের কদ্দুস মিয়ার মেয়ে। ঈশ্বরগঞ্জ উপজেলার নয়াশিমুল গ্রামের আব্দুল হামিদের ছেলে মিন্টু মিয়ার সঙ্গে তার বিয়ের আয়োজন করা হয়। পরিবারের দাবি, রোববার স্থানীয় বিয়ে নিবন্ধক (কাজি) উবায়েদ উল্লাহর মাধ্যমে দুই লাখ টাকা দেনমোহর নির্ধারণ করে বিয়ের কাবিন সম্পন্ন করা হয়।

তবে বিয়ে নিবন্ধনের বিষয়ে ভিন্ন বক্তব্য দিয়েছেন সংশ্লিষ্ট কাজী। যোগাযোগ করা হলে উবায়েদ উল্লাহ বলেন, বিয়ের নিবন্ধন বা কাবিন সম্পন্ন করা হয়নি। তবে রোববার ছেলেপক্ষ তাঁর কাছে গিয়েছিল। পরে তাঁদের জন্মনিবন্ধন ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আসতে বলা হয়।

এদিকে উপজেলা পরিষদে জাতীয় কন্যাশিশু দিবসের অনুষ্ঠান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে হাটুলিয়া গ্রামে বাল্যবিয়ের আয়োজনের খবর পায় প্রশাসন। পরে ঘটনাস্থলে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ্জহুরা।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বাল্যবিয়ের আয়োজন করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কনার বাবা কদ্দুস মিয়াকে ৪ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে বরপক্ষ যেন বিয়েবাড়িতে না আসে এবং বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন না করা হয়, সে বিষয়ে কনার বাবাকে কঠোর নির্দেশনা দেওয়া হয়।

এ বিষয়ে ইউএনও সানজিদা রহমান বলেন, রোববার স্থানীয় কাজির মাধ্যমে বিয়ে নিবন্ধনের কাজ সম্পন্ন করা হয়েছে বলে মেয়েটির পরিবার জানিয়েছে। সোমবার বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। খবর পেয়ে প্রশাসন দ্রুত ব্যবস্থা নেয়। বরপক্ষ যেন বিয়ে বাড়িতে না আসে এবং বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন না হয়, সে বিষয়ে মেয়েটির বাবাকে কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে।

Geen reacties gevonden


News Card Generator