শহীদ জেহাদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না: আমান উল্লাহ আমান.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

শহীদ জেহাদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না: আমান উল্লাহ আমান..

Juwel Hossain avatar   
Juwel Hossain
শহীদ জেহাদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না: আমান উল্লাহ আমান..
শহীদ জেহাদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না: আমান উল্লাহ আমান..
ছবি: সংগৃহীত
****

নব্বইয়ের স্বৈরাচারবিরোধী গণ-অভ্যুত্থানের জাতীয় বীর শহীদ নাজির উদ্দিন জেহাদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান।

তিনি বলেন, "সেদিন আমরা জেহাদের রক্তমাখা লাশ ছুঁয়ে শপথ করেছিলাম—এই রক্ত বিফলে যেতে দেব না। গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে শহীদ জেহাদ আত্মত্যাগ করেছেন। কিন্তু পরবর্তীতে গণতন্ত্র পুনরুদ্ধার হলেও গত ১৭ বছরে বারবার তা বাধাগ্রস্ত করা হয়েছে।"

সোমবার (১২ অক্টোবর) সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার নবগ্রাম এলাকায় শহীদ নাজির উদ্দিন জেহাদের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন বিএনপির এই শীর্ষ নেতা।

আমান উল্লাহ আমান বলেন, বাংলাদেশ যখন সব ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে এবং মাথা উঁচু করে দাঁড়াচ্ছে, ঠিক তখনই দেশবিরোধী ষড়যন্ত্র শুরু হয়েছে। ঘাপটি মেরে থাকা গুপ্ত ও ফ্যাসিবাদী শক্তিগুলো আবার নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। তবে বাংলাদেশের জনগণ রক্তের বিনিময়ে ভোটাধিকার প্রতিষ্ঠা করেছে, সেই অধিকার কোনোভাবেই আর হারাতে দেওয়া হবে না।

অর্জন ধরে রাখার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, জনগণ যে গণতন্ত্র ফিরে পেয়েছে, তা যেকোনো মূল্যে ধরে রাখতে হবে। বাংলাদেশের মানুষ কোনো ষড়যন্ত্র মেনে নেবে না। গণতন্ত্র পুনর্প্রতিষ্ঠার লক্ষ্যে তারেক রহমান নিরলস কাজ করে যাচ্ছেন।

বিগত দিনের আন্দোলনের কথা স্মরণ করে বিএনপির এই নেতা বলেন, গণতন্ত্র ফেরাতে আবারও আমাদের আন্দোলন করতে হয়েছে। লন্ডন থেকে তারেক রহমান সে আন্দোলনের নেতৃত্ব দিয়ে আন্দোলনকে এক দফায় রূপ দেন। এ আন্দোলনে ইলিয়াস আলী ও সুমনসহ অনেকেই গুম হয়েছেন, হাজারো ছাত্র-জনতা শহীদ হয়েছেন। সর্বশেষ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে আবু সাঈদসহ অগণিত মানুষ প্রাণ দিয়েছেন।

তিনি আরও বলেন, তাঁদের এই মহান আত্মত্যাগের বিনিময়ে দেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং জনগণ সেই নির্বাচনে তারেক রহমানকেই বেছে নিয়েছে।

কবর জিয়ারতকালে বিএনপি নেতা নাজিম উদ্দীন আলম, সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান বাবুল, খন্দকার লুৎফর রহমানসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নব্বইয়ের গণ-অভ্যুত্থানে শহীদ নাজির উদ্দিন জেহাদ ও শহীদ সাইফুদ্দিন মনিরের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

Hiçbir yorum bulunamadı


News Card Generator