শ্রীপুরে মাদকাসক্তকে পাশে বসিয়ে মাদক নির্মূলের হুঁশিয়ারি বিএনপি নেতার, স্থানীয়দের ক্ষোভ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে এলাকার চিহ্নিত মাদকাসক্ত ব্যক্তিকে পাশে বসিয়ে মাদক নির্মূলের হুঁশিয়ারি দেওয়ার অভিযোগ উঠেছে শ্রীপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও তেলিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট আবু জাফর সরকারের বিরুদ্ধে।
গত শুক্রবার আয়োজিত এক গ্রাম্য বৈঠকে তিনি এই মন্তব্য করেন। বৈঠকে তার আশেপাশে এলাকার চিহ্নিত মাদকাসক্ত ও কথিত চাঁদাবাজদের উপস্থিত থাকতে দেখা যায়।
এ ঘটনার ছবি ও খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের পাশাপাশি বিএনপির ত্যাগী ও সক্রিয় নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ত্যাগী কর্মী ক্ষোভ প্রকাশ করে জানান, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে দলের স্পষ্ট অবস্থান রয়েছে। তবে দলের দায়িত্বশীল পদে থেকে এসব চিহ্নিত ব্যক্তিদের পাশে নিয়ে বৈঠক করায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।
এ বিষয়ে স্থানীয় জনগণ ও দলীয় কর্মীরা বিএনপির উচ্চপর্যায়ের নেতাদের দৃষ্টি আকর্ষণ করে সুষ্ঠু পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।