মোঃ রায়হান মিয়া,কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি:
“মানুষের অন্তর্নিহিত পরিপূর্ণ বিকাশই হলো শিক্ষা। জ্ঞান, শৃঙ্খলা ও মূল্যবোধের আলোয় গড়ে উঠুক সমৃদ্ধ ভবিষ্যৎ”—এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের কচুয়া উপজেলার ৯ নং কড়ইয়া ইউনিয়নে মোঃ আব্দুল খালেক মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজে নবীনবরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১ অক্টোবর ২০২৬) সকাল ১১টায় বিদ্যালয় ও কলেজের মিলনায়তনে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীনবরণ এবং শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে দশম শ্রেণির শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে সমাবেশ অনুষ্ঠিত হয়।
কলেজের অধ্যক্ষ মোঃ মোশারেফ হোসেন চৌধুরীর সভাপতিত্বে এবং বাংলা বিভাগের প্রভাষক রসূল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা প্রধান শিক্ষা বিষয়ক সমন্বয়ক ও মোঃ আব্দুল খালেক মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি আব্দুল ওয়াদুদ মজুমদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯ নং কড়ইয়া ইউনিয়নের শিক্ষা বিষয়ক সমন্বয়ক ও সাবেক প্রধান শিক্ষক মোঃ এয়াকুব আলী, কলেজের গভর্নিং বডির সদস্য ও ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ ফারুক হোসেন এবং কচুয়া উপজেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক জুয়েল তালুকদার।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কলেজের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক শওকত আহম্মেদ, সিনিয়র শিক্ষক সঞ্জীব কুমার শীল, সহকারী শিক্ষক আমজাদ হোসেন এবং দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ফাইজা আক্তার ও লাবিবা আক্তার।
বক্তারা শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ গঠন, শৃঙ্খলা বজায় রাখা এবং শিক্ষার্থী-শিক্ষক-অভিভাবকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, ভালো ফলাফল অর্জন এবং নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
এ সময় কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী, দশম শ্রেণির শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।