তালা সরকারি কলেজ থেকে কালিগঞ্জে পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের পাশে কলেজ কর্তৃপক্ষ ও ছাত্রদল
কালিগঞ্জ প্রতিনিধি:
২০২৪-২৫ শিক্ষাবর্ষের ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষার কেন্দ্র কালিগঞ্জ সরকারি কলেজে হওয়ায় তালা সরকারি কলেজের শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে কালিগঞ্জ সরকারি কলেজ কর্তৃপক্ষ ও কলেজ ছাত্রদল। শিক্ষার্থীদের রাতে থাকার ব্যবস্থা করার পাশাপাশি তাঁদের সার্বিক খোঁজখবর রাখা হচ্ছে।
গত ৩ অক্টোবর ২০২৬ থেকে তালা সরকারি কলেজের শিক্ষার্থীরা কালিগঞ্জ সরকারি কলেজে অবস্থান করছেন। তালা সরকারি কলেজ থেকে কালিগঞ্জ সরকারি কলেজের দূরত্ব প্রায় ৬৫ কিলোমিটার। প্রতিদিন এত দীর্ঘ পথ পাড়ি দিয়ে পরীক্ষায় অংশ নিতে তাঁদের বাসে তিন থেকে সাড়ে তিন ঘণ্টা সময় লাগত। এতে শারীরিক ক্লান্তির পাশাপাশি নানা ভোগান্তির মুখে পড়তে হতো শিক্ষার্থীদের।
তালা সরকারি কলেজের শিক্ষার্থী সুজয় বলেন, “তালা থেকে কালিগঞ্জ সরকারি কলেজে আসতে প্রায় ৬৫ কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। বাসে আসতে তিন থেকে সাড়ে তিন ঘণ্টা সময় লাগে। এতে আমরা ক্লান্ত হয়ে পড়তাম। পরে কালিগঞ্জ সরকারি কলেজ কর্তৃপক্ষ ও ছাত্রদলের বড় ভাইদের বিষয়টি জানানোর পর তাঁরা আমাদের রাতে থাকার ব্যবস্থা করেছেন এবং সার্বিক খোঁজখবর রাখছেন।”
আরেক শিক্ষার্থী রবিউল ইসলাম বলেন, “এখানে থাকার ব্যবস্থা হওয়ায় প্রতিদিন দীর্ঘ পথ পাড়ি দিয়ে পরীক্ষা দিতে আসতে হচ্ছে না। ফলে যাতায়াতের ভোগান্তি ছাড়াই নির্বিঘ্নে পরীক্ষায় অংশ নিতে পারছি। এ সহযোগিতায় আমাদের অনেক উপকার হচ্ছে।”
এদিকে কালিগঞ্জ সরকারি কলেজ কর্তৃপক্ষ ও কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ জানান, অতীতে কালিগঞ্জ সরকারি কলেজে দূরদূরান্ত থেকে অনেক শিক্ষার্থী পড়াশোনা করতে আসতেন। তাঁদের আবাসনের সুবিধার জন্য কলেজে আবাসিক হল বরাদ্দ ছিল। তবে বিগত কয়েক বছর ধরে আবাসিক হল বরাদ্দ না থাকায় এবং দূরদূরান্ত থেকে শিক্ষার্থীদের আসা কমে যাওয়ায় আবাসিক ব্যবস্থাটি কার্যত অচল হয়ে পড়ে।
তাঁরা আরও জানান, দূরবর্তী পরীক্ষা কেন্দ্রের কারণে তালা সরকারি কলেজের শিক্ষার্থীদের যাতায়াতে যে ভোগান্তি হচ্ছিল, তা বিবেচনায় নিয়ে তাঁদের রাতে থাকার ব্যবস্থা ও সার্বিক খোঁজখবর রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে শিক্ষার্থীরা দীর্ঘ পথের ক্লান্তি এড়িয়ে তুলনামূলক স্বাচ্ছন্দ্যে পরীক্ষায় অংশ নিতে পারছেন।
শিক্ষার্থীদের আবাসন ও যাতায়াতের ভোগান্তি কমাতে এ ধরনের সহযোগিতা পরীক্ষার্থীদের জন্য সহায়ক ভূমিকা রাখছে।