মোবারক হোসেন রাকিব ( শিক্ষানবিস রিপোর্টার )
ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা-আখাউড়া আঞ্চলিক সড়কের মনিয়ন্দ ইউনিয়নের চারা বটগাছ এলাকায় সড়কের বেহাল দশার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না হওয়ায় খানাখন্দ ও বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী, চালকসহ স্থানীয় বাসিন্দারা।
সড়কটি দ্রুত সংস্কার করে যান চলাচলের উপযোগী করার দাবিতে স্থানীয় এলাকাবাসী, ব্যবসায়ী ও যানবাহন চালকদের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, কসবা ও আখাউড়া উপজেলার যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এ সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বৃষ্টির সময় সড়কের গর্তগুলোতে পানি জমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। এতে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটার পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।
এ ব্যাপারে জরুরী দৃষ্টি দেয়ার জন্য এ এলাকার জনপ্রিয় সংসদ সদস্য আলহাজ্ব মুশফিকুর রহমানের প্রতি বিশেষ ভাবে অনুরোধ করা হয় ।