ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ডেঙ্গু জ্বরের প্রকোপ ও ঝুঁকি থেকে সাধারণ মানুষকে সচেতন করতে ময়মনসিংহের ভালুকায় সচেতনতামূলক প্রচারণা চালিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভালুকা উপজেলা শাখা। এ প্রচারণায় ডেঙ্গুর লক্ষণ, প্রতিরোধের উপায় এবং এডিস মশার বংশবিস্তার রোধে করণীয় বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাংলাদেশ জামায়াতে ইসলামী ভালুকা উপজেলা শাখার পক্ষ থেকে এ সচেতনতামূলক প্রচারণা চালানো হয়। এতে নেতৃত্ব ও প্রচারণায় ছিলেন সংগঠনটির ভালুকা উপজেলা শাখার আমীর ছাইফ উল্লাহ পাঠান ফজলু।
প্রচারাভিযানে ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করা, ফুলের টব, টায়ার ও বিভিন্ন পাত্রে পানি জমতে না দেওয়া, ঘরের ভেতর ও বাইরে মশারি ব্যবহার এবং অপ্রয়োজনীয় আবর্জনা পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়।
এ ছাড়া মশা নিধনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া, ঘরের আশপাশ পরিষ্কার রাখা এবং বিশেষ করে সকাল ও সন্ধ্যায় পূর্ণ হাতা জামা পরার পরামর্শ দেওয়া হয়েছে।
প্রচারনায় বলা হয়, ডেঙ্গু একটি ভাইরাসজনিত রোগ, যা এডিস মশার মাধ্যমে ছড়ায়। হঠাৎ উচ্চ জ্বর, মাথাব্যথা, শরীর ও হাত-পায়ে ব্যথা, বমি বমি ভাব, জ্বরের সঙ্গে লালচে দাগ বা র্যাশ এবং অতিরিক্ত দুর্বলতা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।
প্রচারনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ভালুকা উপজেলা শাখার আমীর ছাইফ উল্লাহ পাঠান ফজলু বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু চিকিৎসার ওপর নির্ভর না করে আগে থেকেই সচেতন হতে হবে। বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি জমে থাকা পানি অপসারণের মাধ্যমে এডিস মশার বংশবিস্তার রোধ করতে হবে।