শ্রীপুরে প্রবাসীর বাড়িতে ডাকাতি: বোরকা পরা অবস্থায় এক যুবক আটক
শ্রীপুর (গাজীপুর): গাজীপুরের শ্রীপুর উপজেলায় প্রবাসীর বাড়িতে ঢুকে গলায় ছুরি ধরে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন লুটের ঘটনা ঘটেছে। বাঁধা দিতে গিয়ে ডাকাতদের ছুরিকাঘাতে আহত হয়েছেন এক গৃহবধূ। এ ঘটনায় বোরকা পরা অবস্থায় অপু নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোররাত ৪টার দিকে উপজেলার বরমী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বরমী মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে দরজার লক ভেঙে একদল দুর্বৃত্ত ঘরে প্রবেশ করে। তারা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে মালামাল লুট করার চেষ্টা চালায়। এ সময় গৃহবধূ বাধা দিলে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে তাঁর ডান হাতের বৃদ্ধাংশ কেটে যায়। ঘটনাটি কাউকেও জানালে ওই গৃহবধূর শিশু কন্যাকে হত্যা করা হবে বলেও হুমকি দেয় তারা।
পরে স্বজন ও স্থানীয় বাসিন্দারা টের পেয়ে ধাওয়া দিয়ে বোরকা পরা অবস্থায় অপু নামে একজনকে আটক করতে সক্ষম হন। তবে তার সাথে থাকা অন্য সহযোগীরা কৌশলে পালিয়ে যায়। আটককৃতকে গণধোলাই দিয়ে স্থানীয় থানা পুলিশের সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে স্থানীয় পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আটককৃত যুবককে হেফাজতে নেওয়া হয়েছে এবং আহত গৃহবধূকে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। ঘটনাটির বিষয়ে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।