গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ১০ নং পুনট্রি ইউনিয়নের চকমুসা বিলপাড়া গ্রামের জয়উদ্দিনের লিচুর বাগানের ভেতরে এ অভিযান পরিচালনা করা হয়।
চিরিরবন্দর থানার এসআই (নিঃ) মোঃ আইয়ুব হোসেনের নেতৃত্বে পুলিশের একটি অভিযানিক দল মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজা দখলে রাখা ও সেবনের সময় ৩জনকে আটক করে। পরে বিষয়টি চিরিরবন্দর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) শাহানা আফরোজকে জানানো হলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন।
মোবাইল কোর্টে মোঃ আব্দুর রশিদ (৪৮)-কে ৭ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড, মোঃ ফারিকুল ইসলাম (২৪)-কে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড এবং মোঃ জয়নুল (২২)-কে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
আটক আব্দুর রশিদ চকমুসা বিলপাড়া এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে, ফারিকুল ইসলাম একই এলাকার মো. ফয়েজ উদ্দিন শাহের ছেলে এবং জয়নুল মৃত মফিজ উদ্দিনের ছেলে। তারা সবাই চিরিরবন্দর থানার ১০ নং পুনট্রি ইউনিয়নের বাসিন্দা।
অভিযানকালে তাদের কাছ থেকে এক পুরিয়া গাঁজা, গাঁজা সেবনের একটি কলকী ও দুটি গ্যাসলাইট উদ্ধার করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনার সময় চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।