তায়কোয়ানডোয় উজ্জ্বল সাতক্ষীরা, পদকজয়ীদের সংবর্ধনা | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

তায়কোয়ানডোয় উজ্জ্বল সাতক্ষীরা, পদকজয়ীদের সংবর্ধনা

শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক: avatar   
শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক:
তায়কোয়ানডোয় উজ্জ্বল সাতক্ষীরা, পদকজয়ীদের সংবর্ধনা
তায়কোয়ানডোয় উজ্জ্বল সাতক্ষীরা, পদকজয়ীদের সংবর্ধনা
ছবি: সংগৃহীত
ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ-২০২৬-এ অসাধারণ সাফল্য পেয়েছে সাতক্ষীরা তায়কোয়ানডো ক্লাব। প্রতিযোগিতায় তিনটি স্বর্ণ ও একটি রৌপ্য পদক অর্জন করেছেন ক্লাবটির খেলোয়াড়েরা..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক, সাতক্ষীরা:

 

ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ-২০২৬-এ অসাধারণ সাফল্য পেয়েছে সাতক্ষীরা তায়কোয়ানডো ক্লাব। প্রতিযোগিতায় তিনটি স্বর্ণ ও একটি রৌপ্য পদক অর্জন করেছেন ক্লাবটির খেলোয়াড়েরা। এই সাফল্যে উচ্ছ্বসিত সাতক্ষীরার ক্রীড়াঙ্গন। পদকজয়ী খেলোয়াড়দের ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) বিকেলে সাতক্ষীরা টেনিস গ্রাউন্ডে সাতক্ষীরা তায়কোয়ানডো ক্লাবের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপে ফাইট জুনিয়র ও সিনিয়র ক্যাটাগরিতে অংশ নেন সাতক্ষীরা তায়কোয়ানডো ক্লাবের খেলোয়াড়েরা। মোহাম্মদপুর তায়কোয়ানডো ক্লাবের আয়োজনে এবং বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের সহযোগিতায় প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় সাতক্ষীরা তায়কোয়ানডো ক্লাবের খেলোয়াড়দের দক্ষতা ও ক্রীড়া নৈপুণ্যে তিনটি স্বর্ণ এবং একটি রৌপ্য পদক অর্জিত হয়। জাতীয় পর্যায়ের এ প্রতিযোগিতায় এমন সাফল্য ক্লাবটির খেলোয়াড়দের ভবিষ্যৎ সম্ভাবনাকে আরও উজ্জ্বল করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসার মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা টেনিস ক্লাবের ভাইস প্রেসিডেন্ট আব্দুর ওয়ারেশ খান চৌধুরী, এটিএন বাংলার সাতক্ষীরা প্রতিনিধি এম কামরুজ্জামান, মাছরাঙা টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি মুস্তাফিজুর রহমান উজ্জ্বল এবং ক্রিয়েটিভের পরিচালক ফিরোজ আহম্মেদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা তায়কোয়ানডো ক্লাবের সভাপতি তানজিম কালাম তমাল।

পদকজয়ী খেলোয়াড়দের ফুল দিয়ে শুভেচ্ছা জানান অতিথিরা। একই সঙ্গে তাঁদের হাতে সংবর্ধনা ও অভিনন্দন তুলে দিয়ে ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও বড় সাফল্য অর্জনের প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

অতিথিরা বলেন, তায়কোয়ানডোর মতো শৃঙ্খলাভিত্তিক ক্রীড়ায় সাতক্ষীরার তরুণদের অংশগ্রহণ প্রশংসনীয়। নিয়মিত প্রশিক্ষণ, অনুশীলন ও পৃষ্ঠপোষকতা নিশ্চিত করা গেলে এ জেলার খেলোয়াড়েরা জাতীয় পর্যায়ে আরও সাফল্য অর্জনের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও দেশের প্রতিনিধিত্ব করতে পারবেন।

সাতক্ষীরা তায়কোয়ানডো ক্লাবের সভাপতি তানজিম কালাম তমাল বলেন, খেলোয়াড়দের কঠোর পরিশ্রম ও প্রশিক্ষণের ফলেই এ সাফল্য এসেছে। ভবিষ্যতে আরও ভালো করার জন্য খেলোয়াড়দের প্রশিক্ষণ ও অনুশীলন অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে ক্লাবের সদস্য, ক্রীড়াবিদ, প্রশিক্ষক, অভিভাবক ও ক্রীড়ানুরাগীরা উপস্থিত ছিলেন। পদকজয়ীদের এ সাফল্য সাতক্ষীরার ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

コメントがありません


News Card Generator