সিরাজগঞ্জের রায়গঞ্জে অডিট কার্যক্রম চলাকালে গ্রামীণ ব্যাংকের নিমগাছী শাখার ব্যবস্থাপক মো. আব্দুস সালামের (৫০) রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। অডিটের মানসিক চাপ সইতে না পেরে তিনি গ্যাস ট্যাবলেট সেবন করে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
ঘটনার পর বিক্ষুব্ধ জনতা অডিট কমিটির সদস্যদের অবরুদ্ধ করলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং জিজ্ঞাসাবাদের জন্য অডিট টিমের তিন সদস্যকে থানা হেফাজতে নেয়।
গত মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সোনাখাড়া ইউনিয়নের নিমগাছী এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত আব্দুস সালামের বাড়ি পাবনার ঈশ্বরদী উপজেলায়। তিনি স্ত্রী ও দুই সন্তান নিয়ে নিমগাছীতে একটি ভাড়া বাসায় থাকতেন।
ব্যাংকের কর্মী ও স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক দিন ধরে নিমগাছী শাখায় অডিট কার্যক্রম চলছিল। অডিট শুরু হওয়ার পর থেকেই আব্দুস সালামকে তীব্র মানসিক দুশ্চিন্তা ও হতাশায় ভুগতে দেখা যায়। মঙ্গলবার সন্ধ্যায় তিনি বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করলে বিষয়টি সহকর্মীদের জানান।
গ্রামীণ ব্যাংকের কর্মী শফিকুল ইসলাম জানান, অডিট চলাকালে ব্যবস্থাপক তীব্র হতাশায় ছিলেন। কারণ জানতে চাইলে তিনি তাঁকে বাঁচতে দেওয়া হচ্ছে না বলে মন্তব্য করেন। পরবর্তীতে তিনি গ্যাস ট্যাবলেট সেবনের কথা জানালে সহকর্মীরা দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যান।
ঘটনার পরপরই উত্তেজিত সহকর্মী ও স্থানীয় জনতা অডিট কমিটির সদস্যদের ব্যাংকের ভেতর অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে রায়গঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অডিট টিমের ৩ সদস্যকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অডিট কমিটির তিন সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে। অডিটের মানসিক চাপের কারণে তিনি বিষপান করেছেন কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। এখনও পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি; অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।