বাল্যবিয়ে-হয়রানি প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, সাতক্ষীরায় কন্যাশিশু দিবসের কর্মসূচি.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

বাল্যবিয়ে-হয়রানি প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, সাতক্ষীরায় কন্যাশিশু দিবসের কর্মসূচি..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক: avatar   
শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক:
বাল্যবিয়ে-হয়রানি প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, সাতক্ষীরায় কন্যাশিশু দিবসের কর্মসূচি..
বাল্যবিয়ে-হয়রানি প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, সাতক্ষীরায় কন্যাশিশু দিবসের কর্মসূচি..
ছবি: সংগৃহীত
‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও সচেতনতামূলক নাটিকা মঞ্চস্থ..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক, সাতক্ষীরা: 

‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও সচেতনতামূলক নাটিকা মঞ্চস্থ করা হয়।

মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় শহরের দ্য পোল-স্টার পৌর হাইস্কুল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। ব্যানার, বেলুন ও ফেস্টুন নিয়ে বিদ্যালয়ের নাট্যদল (বিনাদ) সদস্য, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা এতে অংশ নেন। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয়ে গিয়ে শেষ হয়।

পরে বিদ্যালয়ের সভাকক্ষে প্রধান শিক্ষক অনামী কৃষ্ণ মণ্ডলের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা তুজ জোহরা, স্বদেশ সংস্থার নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত। এ ছাড়া বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করা শুধু পরিবারের দায়িত্ব নয়; এর সঙ্গে সমাজের প্রতিটি স্তরের মানুষের সম্পৃক্ততা প্রয়োজন। বাল্যবিয়ে, ইভটিজিং, যৌন হয়রানি ও নানা ধরনের সহিংসতা কন্যাশিশুর স্বাভাবিক বিকাশ ও শিক্ষাজীবনকে বাধাগ্রস্ত করে। তাই এসব প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

বক্তারা আরও বলেন, কন্যাশিশুরাই আগামী দিনের সম্ভাবনাময় নাগরিক। তাদের নিরাপদ পরিবেশে বেড়ে ওঠার সুযোগ করে দেওয়ার পাশাপাশি শিক্ষিত ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকেও আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে বক্তারা অভিভাবকদের আরও সচেতন হওয়ার পরামর্শ দিয়ে বলেন, সন্তানের আচরণ, চলাফেরা ও অনলাইন-অফলাইন নিরাপত্তার বিষয়ে অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। কোনো ধরনের হয়রানি বা সহিংসতার ঘটনা ঘটলে নীরব না থেকে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে।

আলোচনা সভা শেষে বিদ্যালয় নাট্যদল ‘বিনাদ’-এর শিক্ষার্থীরা ইভটিজিং প্রতিরোধ ও কন্যাশিশুর নিরাপত্তা বিষয়ক একটি সচেতনতামূলক নাটিকা মঞ্চস্থ করে। নাটিকার মাধ্যমে শিক্ষার্থী ও উপস্থিত দর্শকদের মধ্যে নারী ও কন্যাশিশুর প্রতি সম্মান, নিরাপত্তা এবং সামাজিক দায়বদ্ধতার বার্তা তুলে ধরা হয়।

পরে শিশু সুরক্ষায় জরুরি সরকারি টোল-ফ্রি নম্বর সংবলিত একটি তথ্যবোর্ড বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনামী কৃষ্ণ মণ্ডলের কাছে হস্তান্তর করা হয়।

স্বদেশ সংস্থার বাস্তবায়নে আইন ও সালিশ কেন্দ্র (আসক), সুইজারল্যান্ড দূতাবাস, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা (GAC) ও ইউরোপীয় ইউনিয়নের (EU) সহায়তায় নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড (CEF) প্রোগ্রামের অধীনে EngageNow প্রকল্পের ধারাবাহিকতায় এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠান পরিচালনা ও সার্বিক সহযোগিতায় ছিলেন প্রোগ্রাম অফিসার মো. আজাহারুল ইসলাম ও প্যারালিগ্যাল মো. শরিফুল ইসলাম।

Keine Kommentare gefunden


News Card Generator