নাগরপুরে ‘বেজি গ্রুপ’-এর প্রধান অমিওসহ গ্রেপ্তার ৪ | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

নাগরপুরে ‘বেজি গ্রুপ’-এর প্রধান অমিওসহ গ্রেপ্তার ৪

MD SHIPON RANA avatar   
MD SHIPON RANA
নাগরপুরে ‘বেজি গ্রুপ’-এর প্রধান অমিওসহ গ্রেপ্তার ৪
নাগরপুরে ‘বেজি গ্রুপ’-এর প্রধান অমিওসহ গ্রেপ্তার ৪
ছবি: সংগৃহীত
নাগরপুরে ‘বেজি গ্রুপ’-এর প্রধান অমিওসহ গ্রেপ্তার ৪

 

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের নাগরপুরে কিশোর গ্যাংয়ের প্রধান ও একাধিক মামলার আসামি এনাম জাবির অমিওসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার গয়হাটা ইউনিয়নের বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয়ভাবে ‘বেজি গ্রুপ’ নামে পরিচিত ওই কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে মাদক ব্যবসা, ছিনতাই, চাঁদাবাজি ও রাহাজানিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাদের কর্মকাণ্ডে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও উদ্বেগের সৃষ্টি হয়েছিল বলে স্থানীয়রা জানান। ৫ আগস্টের পর গ্রুপটি কিছুটা নিষ্ক্রিয় হয়ে পড়লেও সম্প্রতি আবারও সক্রিয় হওয়ার অভিযোগ ওঠে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই কিশোর গ্যাংয়ের সদস্যদের অবস্থান নিশ্চিত হওয়ার পর সোমবার রাতে নাগরপুর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে কিশোর গ্যাংয়ের প্রধানসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন—গয়হাটা গ্রামের আমিনুর রহমানের ছেলে এনাম জাবির অমিও (২১), আজগর আলীর ছেলে মো. মাসুদ মিয়া (২২), সিরাজুল ইসলামের ছেলে মো. জীবন হোসেন (২১) এবং মানিকগঞ্জ জেলার কৃষ্ণপুর ইউনিয়নের দক্ষিণ সাগর হাজীনগর গ্রামের মো. সাইফুল ইসলামের ছেলে মো. জাহিদুল ইসলাম (২০)।

নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জহুরুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Nessun commento trovato


News Card Generator