অজ্ঞাত গাড়িতে পিকআপের ধাক্কা, সীতাকুণ্ডে নিহত ১
এম জামশেদ আলম
সীতাকুণ্ড (চট্টগ্রাম)
চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপের ধাক্কায় মো. ইসমাইল (২৫) নামে এক টাইলস মিস্ত্রি নিহত হয়েছেন। সোমবার (৫ অক্টোবর) ভোরে উপজেলার ফকিরহাট গরুর বাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইসমাইল কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার গোটরা এলাকার নুরুল আমিনের ছেলে।
কুমিরা হাইওয়ে থানা পুলিশ জানায়, ভোর আনুমানিক ৫টা ১০ মিনিটের দিকে ফকিরহাট গরুর বাজারের সামনে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে টাইলসবোঝাই একটি পিকআপ (ঢাকা মেট্রো-ন-১৮-৬০২০) একটি অজ্ঞাত গাড়ির পেছনে ধাক্কা দেয়। এ সময় পিকআপের সামনের কেবিনের বাম পাশ দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনার পর পিকআপের চালক গাড়িটি ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে পুলিশ জানিয়েছে। এ সময় কেবিনের বাম পাশে থাকা টাইলস মিস্ত্রি ইসমাইল গাড়ির ভেতরে আটকা পড়েন।
খবর পেয়ে কুমিরা হাইওয়ে থানার এসআই মো. জিয়া উদ্দিন ভূইয়া, রাত্রীকালীন মোবাইল ডিউটি পার্টির ইনচার্জ এএসআই মো. মোশারফ হোসেনসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যান। পরে স্থানীয় লোকজনের সহায়তায় ইসমাইলকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ দুর্ঘটনাকবলিত পিকআপটি উদ্ধার করে হেফাজতে নিয়েছে। দুর্ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আফসার দুর্ঘটনায় একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’
📊
সংবাদ পরিসংখ্যান চার্ট