সিংড়ায় ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সিংড়ায় ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

Bayzid Islam Joy avatar   
Bayzid Islam Joy
সিংড়ায় ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার
সিংড়ায় ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেল আরও তিনজন, মাদক আইনে মামলা

 

 

বায়েজীদ ইসলাম জয় 
সিংড়া (নাটোর) প্রতিনিধি

নাটোরের সিংড়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১ কেজি শুকনা গাঁজাসহ মো. জিহাদ আলী (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও তিনজন পালিয়ে যায়। তাদের গ্রেপ্তারে অভিযান ও চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রোববার (৫ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার চামারী ইউনিয়নের গোটিয়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার মো. জিহাদ আলী গোটিয়া গ্রামের মো. ছিয়াজ উদ্দিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিংড়া থানার এসআই মো. বেল্লাল হোসাইন ও এএসআই মো. মোজাম্মেল হোসাইনের নেতৃত্বে পুলিশের একটি দল গোটিয়া গ্রামে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চারজন ব্যক্তি পালানোর চেষ্টা করে। পরে পুলিশ ধাওয়া দিয়ে জিহাদ আলীকে আটক করতে সক্ষম হয়। তবে অপর তিনজন কৌশলে পালিয়ে যায়।

অভিযানের সময় জিহাদ আলীর কাছ থেকে ১ কেজি শুকনা গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক তিনজনকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় সিংড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।’

পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। পলাতক ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

Комментариев нет


News Card Generator