বরগুনার বামনায় উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষক পরিষদের উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (৫ অক্টোবর) সকাল ১১টায় একটি বর্ণাঢ্য র্যলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান কলেজের অধ্যক্ষ মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বামনা সদর আর-রশীদ ফাযিল মাদরাসার প্রভাষক মোঃ জাকির হোসাইনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বামনা উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ নিকহাত আরা।
সভায় বক্তব্য রাখেন বেগম ফায়জুন্নেসা মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান, বামনা সদর আর-রশীদ ফাযিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মোঃ আবুল কালাম আজাদ, বামনা সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোঃ রিয়াদুল কাদির, প্রভাষক ড. মোঃ আরিফ হোসেন, বুকাবুনিয়া মাহমুদিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মোঃ নজরুল ইসলাম, লতাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফরিদ উদ্দীনসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
বক্তারা বলেন, একটি জাতির শিক্ষা, জ্ঞান ও নৈতিক মূল্যবোধ গঠনে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষকরাই ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করে দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তাই শিক্ষকদের যথাযথ মর্যাদা, অধিকার ও পেশাগত উন্নয়ন নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।