নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের নাগরপুরে ঘুনিপাড়া প্রিমিয়ার ফুটবল লিগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) বিকেলে উপজেলার সলিমাবাদ ইউনিয়নের ঘুনিপাড়া আ. রশিদ স্কুল অ্যান্ড কলেজ মাঠে ঘুনিপাড়া যুব সমাজের উদ্যোগে এবং গ্রামবাসীর সহযোগিতায় এ ফাইনাল খেলার আয়োজন করা হয়।
ঘুনিপাড়া কবরস্থান ও মাদ্রাসার সভাপতি হাজী মো. নূরুল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন এলাকার উদীয়মান তরুণ নেতা ও সমাজসেবক এবং চেয়ারম্যান প্রার্থী মো. আশরাফুল ইসলাম।
ঘুনিপাড়া নবযুগ স্পোর্টিং ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মেরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সলিমাবাদ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আলমগীর খান আশিক, নাগরপুর সরকারি কলেজের সাবেক জিএস শফিকুল ইসলাম, সমাজসেবক গোলাম মোস্তফা নান্নু, আয়নাল খান ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য কোহিনুর খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
ফাইনাল খেলায় ঘুনিপাড়া দক্ষিণপাড়া ফাইজা ফাতিহা একতা সংঘ ২-০ গোলে ঘুনিপাড়া মরহুম ফটিক মিয়া একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় স্থানীয় ক্রীড়াপ্রেমী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন।