পরিচ্ছন্নতার বার্তা নিয়ে কালীগঞ্জ সরকারি কলেজে রোভার স্কাউটদের অভিযান
এস এম তাজুল হাসান সাদ, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিসিধি
সকালের ব্যস্ততা তখনও পুরোপুরি শুরু হয়নি। এরই মধ্যে হাতে ঝাড়ু, বস্তা ও প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে কলেজ ক্যাম্পাসের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েন রোভার স্কাউট সদস্যরা। কারও হাতে জমে থাকা ময়লা পরিষ্কারের কাজ, কেউবা পরিচ্ছন্ন করছেন ক্যাম্পাসের পথ ও আশপাশের এলাকা। এমন উদ্যোগে বৃহস্পতিবার (১ অক্টোবর) প্রাণবন্ত হয়ে ওঠে সাতক্ষীরার ঐতিহ্যবাহী কালীগঞ্জ সরকারি কলেজ।
শুধু ময়লা পরিষ্কার নয়, পরিচ্ছন্ন ও সুন্দর শিক্ষাঙ্গন গড়ে তোলার বার্তা ছড়িয়ে দিতেই আয়োজন করা হয় এ পরিচ্ছন্নতা অভিযান। কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আজিজুর রহমানের উদ্যোগে রোভার শিক্ষক নেতা প্রভাষক মো. রুহুল আমিন ও প্রভাষক রেশমা সুলতানার ব্যবস্থাপনায় এ কার্যক্রম পরিচালিত হয়।
অভিযানে শিক্ষক পর্ষদের সেক্রেটারি শেখ আব্দুল কাদেরসহ কলেজের শিক্ষক-কর্মচারীরা অংশ নেন। তাঁদের সহযোগিতা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে রোভার স্কাউট সদস্যরা ক্যাম্পাসের বিভিন্ন স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন করেন।
অভিযানে অংশ নেওয়া রোভার স্কাউট সদস্যদের মধ্যে ছিল উৎসাহ-উদ্দীপনা। নিজেদের শিক্ষাপ্রতিষ্ঠানকে পরিচ্ছন্ন রাখার দায়িত্ব নিজেদেরই—এমন বার্তাই যেন উঠে আসে তাঁদের কার্যক্রমে।
কলেজ সংশ্লিষ্টরা বলেন, একটি সুন্দর শিক্ষাঙ্গন শুধু অবকাঠামো দিয়ে তৈরি হয় না; এর জন্য প্রয়োজন পরিচ্ছন্ন পরিবেশ ও সচেতন মানুষের অংশগ্রহণ। শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতা, শৃঙ্খলা ও সামাজিক দায়িত্ববোধ তৈরি করতে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
কালীগঞ্জ সরকারি কলেজের এই উদ্যোগ তাই শুধু একদিনের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান নয়; বরং পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়ে তোলার পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে দায়িত্বশীল নাগরিক হওয়ার একটি বাস্তব শিক্ষা।