টাঙ্গাইলের নাগরপুরে পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে উপজেলার বেকড়া ইউনিয়নের বারাপুষা এলাকায় চোর ধরতে গিয়ে ছুরিকাঘাতে মজনু (৫০) নামে এক ব্যক্তি নিহত হন। একই দিন সকালে ভারড়া ইউনিয়নের উত্তর আগদিঘুলিয়া গ্রামে বিদ্যুৎ সঞ্চালনের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নয়ন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, বুধবার ভোর সাড়ে ৪টার দিকে বারাপুষা এলাকায় চুরি করার সময় গয়হাটা পূর্বপাড়া গ্রামের মুন্নাফের ছেলে ছামিনুলকে স্থানীয়রা ধাওয়া করেন। একপর্যায়ে সে মজনুর হাতে ধরা পড়ে। পালানোর চেষ্টা করলে সঙ্গে থাকা ছুরি দিয়ে মজনুকে এলোপাতাড়ি আঘাত করে ছামিনুল। পরে স্থানীয়রা গুরুতর আহত মজনুকে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মজনু বারাপুষা গ্রামের বেল্লাল হোসেনের ছেলে।
এদিকে সকাল ৮টার দিকে উপজেলার ভারড়া ইউনিয়নের উত্তর আগদিঘুলিয়া গ্রামের একটি চকের মধ্যে বিদ্যুতের তারের সঙ্গে পেঁচানো অবস্থায় নয়নকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। নয়ন আগদিঘুলিয়া বছির মার্কেট এলাকার ৪ নম্বর ওয়ার্ডের রেজাউলের ছেলে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করেন। পরিবারের পক্ষ থেকে তার দাফন-কাফনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল ইসলাম জানান, মজনু নিহত হওয়ার ঘটনায় খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ছামিনুলকে গ্রেপ্তার করেছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
অন্যদিকে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নয়নের মৃত্যুর ঘটনায় থানায় এখন পর্যন্ত কোনো অভিযোগ বা মামলা দায়ের করা হয়নি।
টাঙ্গাইলে পৃথক ঘটনায় দুই মৃত্যু: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু, চোরের ছুরিকাঘাতে প্রাণ গেল আরেকজনের.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও
টাঙ্গাইলে পৃথক ঘটনায় দুই মৃত্যু: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু, চোরের ছুরিকাঘাতে প্রাণ গেল আরেকজনের..
ছবি: সংগৃহীত
Keine Kommentare gefunden