গোপালগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন
মোঃ মামুন মোল্লা মুকসুদপুর প্রতিনিধি:
তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্যের বিস্তার রোধের আহ্বানের মধ্য দিয়ে গোপালগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
‘ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ, অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (২৮ সেপ্টেম্বর) জেলা প্রশাসন, গোপালগঞ্জের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ-উজ-জামান।
আলোচনা সভায় জেলা প্রশাসক তথ্য অধিকার নিশ্চিতকরণের গুরুত্ব তুলে ধরে বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় নাগরিকের তথ্যপ্রাপ্তির অধিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক ও নির্ভরযোগ্য তথ্যের অবাধ প্রবাহ নাগরিক সচেতনতা বৃদ্ধি, সুশাসন প্রতিষ্ঠা এবং তথ্যভিত্তিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্যের প্রচার জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। তাই সঠিক তথ্য যাচাই করে প্রচার এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করা জরুরি।
আলোচনা সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, শিক্ষার্থী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
'আই নিউজ বিডি' অ্যাপ
Comments 0