গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
মোঃ মামুন মোল্লা মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি:
গোপালগঞ্জের মুকসুদপুর ও কাশিয়ানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে মুকসুদপুরে যাত্রীবাহী বাসের চাপায় এক পথচারী এবং দুপুরে কাশিয়ানীতে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হন। পৃথক দুর্ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।
মুকসুদপুরে নিহত ব্যক্তির নাম আকরাম বিশ্বাস (৫০)। তিনি উপজেলার সালিনাবক্সা গ্রামের হাসেম বিশ্বাসের ছেলে।
বুধবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার গেড়াখোলা ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, খুলনা থেকে ঢাকাগামী ওয়েলকাম পরিবহনের একটি যাত্রীবাহী বাস গেড়াখোলা ব্রিজ এলাকায় পৌঁছালে গোপালগঞ্জগামী একটি কনটেইনারবাহী গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় বাসের চাপায় পথচারী আকরাম বিশ্বাস গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।
অন্যদিকে, একই দিন দুপুর ১টার দিকে কাশিয়ানী উপজেলার শিবগাতী এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে দোলা পরিবহনের একটি বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হন।
ভাঙ্গা হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা দোলা পরিবহনের বাসটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায় এবং বাসটি মহাসড়কের পাশের খাদে পড়ে যায়।
সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহত হন আরও কয়েকজন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করেন। আহত তিনজনকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
একই দিনে ঢাকা-খুলনা মহাসড়কের পৃথক দুই দুর্ঘটনায় তিনজনের মৃত্যু ও কয়েকজন আহত হওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩ | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও
মোঃ মামুন মোল্লা মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি
Geen reacties gevonden