ত্রিশালে ২ কোটি ২৬ লাখ টাকার সড়ক কার্পেটিংয়ে অনিয়মের অভিযোগ | আই নিউজ বিডি

ত্রিশালে ২ কোটি ২৬ লাখ টাকার সড়ক কার্পেটিংয়ে অনিয়মের অভিযোগ..

পুলক শেখ avatar   
পুলক শেখ
ত্রিশালে ২ কোটি ২৬ লাখ টাকার সড়ক কার্পেটিংয়ে অনিয়মের অভিযোগ..
ত্রিশালে ২ কোটি ২৬ লাখ টাকার সড়ক কার্পেটিংয়ে অনিয়মের অভিযোগ..
ছবি: সংগৃহীত
Allegations of irregularities in road carpeting worth Tk 2.26 crore in Trishal, Mymensingh; bitumen peeling off within a single day.

ময়মনসিংহের ত্রিশালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন একটি গ্রামীণ সড়ক নির্মাণে গুরুতর অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। সড়কটির প্রায় ১ কিলোমিটার অংশের কার্পেটিং কাজ শেষ হওয়ার মাত্র এক দিনের মাথায় হাত দিয়ে টান দিলেই উঠে আসছে পিচের আস্তরণ। এমন পরিস্থিতিতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, উপজেলার ধলা খানবাড়ি তিন রাস্তার মোড় থেকে শুরু হওয়া ২ হাজার ৩৯৮ মিটার দৈর্ঘ্যের এই সড়কটি এলজিইডির গ্রামীণ সড়ক প্রকল্পের অধীনে বাস্তবায়ন করা হচ্ছে। এর মধ্যে প্রায় ১ কিলোমিটার অংশের কার্পেটিং কাজ সম্প্রতি শেষ করে চুক্তিভিত্তিক ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স বাপ্পি এন্টারপ্রাইজ।

অভিযোগ রয়েছে, বৃষ্টির মধ্যেই তড়িঘড়ি করে কার্পেটিংয়ের কাজ চালানো হয়েছে। এছাড়া সড়কের বেড প্রস্তুতি, ইট, খোয়া, বালু ও পাথরের সমন্বয় এবং বিটুমিনের নির্ধারিত মান নিশ্চিত না করায় কার্পেটিং মূল সড়কের কাঠামোর সঙ্গে সঠিকভাবে সংযুক্ত হতে পারেনি।

স্থানীয় বাসিন্দা আতাহারুল ইসলাম বলেন, পা দিয়ে সামান্য চাপ দিলেই কার্পেটিং উঠে যাচ্ছে। নতুন সড়কে এ ধরনের পরিস্থিতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নির্মাণ চলাকালে স্থানীয়দের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হলেও কোনো কাজ হয়নি।

আরেক বাসিন্দা মো. এখলাস আলী জানান, সড়কে প্রয়োজনীয় উপকরণের সঠিক অনুপাত ব্যবহার করা হয়নি। এখনই যদি এই অবস্থা হয়, তবে ভারী যানবাহন ও ট্রাক চলাচল শুরু হলে সড়কটির অস্তিত্ব থাকবে না।

জানা গেছে, প্রকল্পটি ২০২৩-২৪ অর্থবছরের অনুমোদন পেলেও নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে না পারায় পরবর্তীতে মেয়াদ বাড়ানো হয়। প্রায় ২ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন এই প্রকল্পের কাজের গুণগত মান এবং নির্মাণ চলাকালে মাঠপর্যায়ের সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তাদের নিয়মিত উপস্থিতি ও তদারকি নিয়েও প্রশ্ন উঠেছে।

অভিযোগের বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স বাপ্পি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. মাজহারুল ইসলাম জানান, নিয়ম অনুসরণ করেই কাজ করা হয়েছে। কার্পেটিং উঠে যাওয়ার বিষয়ে তার কিছু করার নেই উল্লেখ করে কারিগরি ও প্রশাসনিক ব্যাখ্যা জানতে দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীর সঙ্গে যোগাযোগের কথা বলেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে ত্রিশাল উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. যুবায়েত হোসেন জানান, সড়কের কাজের অনিয়ম সম্পর্কে তিনি অবগত আছেন। স্থানটি সরেজমিনে পরিদর্শন করে অনিয়ম পরিলক্ষিত হলে প্রয়োজনীয় প্রশাসনিক ও কারিগরি ব্যবস্থা নেওয়া হবে।

Geen reacties gevonden


News Card Generator