বোয়ালমারীতে বারাশিয়া নদীতে ঐতিহ্যবাহী ভেলা ও চাড়ি বাইচ অনুষ্ঠিত .. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

বোয়ালমারীতে বারাশিয়া নদীতে ঐতিহ্যবাহী ভেলা ও চাড়ি বাইচ অনুষ্ঠিত ..

Faridpur Desk avatar   
Faridpur Desk
বোয়ালমারীতে বারাশিয়া নদীতে ঐতিহ্যবাহী ভেলা ও চাড়ি বাইচ অনুষ্ঠিত ..
বোয়ালমারীতে বারাশিয়া নদীতে ঐতিহ্যবাহী ভেলা ও চাড়ি বাইচ অনুষ্ঠিত ..
ছবি: সংগৃহীত

ইকবাল হোসেন লিমন, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :

গ্রাম বাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যকে ধরে রাখতে ফরিদপুরের বোয়ালমারীতে অনুষ্ঠিত হয়েছে ভেলা ও চাড়ি বাইচ প্রতিযোগিতা। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বোয়ালমারী পৌরসভার আঁধারকোঠা ও গুনবহা গ্রামকে সংযুক্তকারী সেতু সংলগ্ন বারাশিয়া নদীতে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
 
ভেলা ও চাড়ি বাইচকে ঘিরে বারাশিয়া নদীর দুই পাড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। আশপাশের বিভিন্ন গ্রাম থেকে বিপুলসংখ্যক মানুষ প্রতিযোগিতা দেখতে নদীর পাড়ে জড়ো হন। নারী, পুরুষ ও শিশুসহ বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতিতে নদীর দুই পাড় পরিণত হয় মিলনমেলায়। ঐতিহ্যবাহী এ আয়োজনকে ঘিরে নদীর তীরে বসে বিভিন্ন খাবারের দোকান ও শিশুদের খেলনার দোকান। ফলে প্রতিযোগিতার পাশাপাশি পুরো এলাকায় তৈরি হয় গ্রামীণ মেলার আবহ।
 
ভেলা ও চাড়ি বাইচের পাশাপাশি আয়োজনে ছিল হাঁস ধরা, কলাগাছ বেয়ে ওঠা, মহিলাদের চেয়ার সিটিং প্রতিযোগিতা। এসব প্রতিযোগিতায় অংশ নেন স্থানীয় প্রতিযোগীরা। একের পর এক প্রতিযোগিতা দেখতে দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উচ্ছ্বাস।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মজহারুল ইসলাম। তিনি বলেন, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এসব খেলাধুলা ও আয়োজন আমাদের লোকজ সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। আধুনিকতার প্রভাবে হারিয়ে যেতে বসা এসব ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ ধরনের আয়োজন নিয়মিত করা প্রয়োজন। এর মাধ্যমে একদিকে যেমন গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ হবে, অন্যদিকে শিশু-কিশোর ও তরুণদের সুস্থ বিনোদনের সুযোগ তৈরি হবে।
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রকিবুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি), কৃষি কর্মকর্তা আলভীর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হোসাইন, সাপ্তাহিক বোয়ালমারী বার্তার প্রকাশক ও সম্পাদক এড. কোরবান আলী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. শহীদউদ্দিন মিয়া দিপু, দপ্তর সম্পাদক মহসিন আলম চানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
Комментариев нет


News Card Generator