ফরিদপুরের বোয়ালমারীর ময়না আনন্দ চন্দ্র বোস ইনস্টিটিউশনের এডহক ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে অনুমোদন পেয়েছেন বোয়ালমারী পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হুসাইন। তিনি বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম সিদ্দিকুর রহমানের কনিষ্ঠ পুত্র। রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি স্থানীয় পর্যায়ে বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে সম্পৃক্ত ইমরান হুসাইনকে বিদ্যালয়টির এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়ার বিষয়টি স্থানীয়ভাবে আলোচনায় এসেছে।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার বিদ্যালয় শাখা থেকে গত ১৫ সেপ্টেম্বর জারি করা এক অনুমোদনপত্রে ময়না আনন্দ চন্দ্র বোস ইনস্টিটিউশনের এডহক কমিটির অনুমোদন দেওয়া হয়। অনুমোদনপত্র অনুযায়ী, এডহক কমিটিতে সভাপতি হিসেবে ইমরান হোসেনের নাম রয়েছে। কমিটির অনুমোদনের মেয়াদ দায়িত্ব গ্রহণের তারিখ থেকে ছয় মাস।
অনুমোদিত কমিটিতে সাধারণ শিক্ষক সদস্য হিসেবে রোকসানা এবং অভিভাবক সদস্য হিসেবে মো. মনজুর শেখকে রাখা হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কমিটির সদস্যসচিব করা হয়েছে। এডহক কমিটির মাধ্যমে বিদ্যালয়ের নিয়মিত ব্যবস্থাপনা ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব সংশ্লিষ্টদের ওপর বর্তাবে।
ইমরান হুসাইন বর্তমানে বোয়ালমারী পৌর বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এবং আগামী পৌর নির্বাচনে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী হিসেবেও তাঁর নাম স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচিত হচ্ছে। নতুন দায়িত্বের ফলে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির কার্যক্রমে তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
এবিষয়ে পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হুসাইন বলেন, পরম করুণাময় মহান আল্লাহর অশেষ রহমতে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড আমাকে ময়না আনন্দ চন্দ্র বোস ইনস্টিটিউশনের এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত করেছে। আমি এ দায়িত্বকে সম্মানের সাথে পালন করব।
তিনি আরও জানান, প্রতিষ্ঠানের শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং সার্বিক অগ্রযাত্রায় ভূমিকা রাখতে তিনি সকলের দোয়া, আন্তরিক সহযোগিতা ও পরামর্শ কামনা করেন। একই সঙ্গে প্রতিষ্ঠানের শিক্ষক, সুধীজন, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের দিকনির্দেশনা, সহযোগিতা ও দোয়া প্রত্যাশা করেন। মহান আল্লাহ যেন তাঁকে সততা ও নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করার তৌফিক দান করেন, সেই দোয়াও কামনা করেন তিনি।