মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারের দোকান থেকে সরকারি চাল পিকআপে করে অন্যত্র নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চালভর্তি একটি পিকআপ আটক করেছেন স্থানীয় লোকজন। পরে ঘটনাস্থলে খাদ্য বিভাগের কর্মকর্তারা যাওয়ার কথা জানিয়েছেন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের শাহপুর বাজারে এ ঘটনা ঘটে। আটক পিকআপটির নম্বর ঢাকা মেট্রো-ন-২০-৪৪৯৫।
স্থানীয়দের অভিযোগ, শাহজাহানপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মৃত রহমউদ্দিন ভূঁইয়ার ছেলে জাহাঙ্গীর ভূঁইয়া খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার। তাঁর দোকান থেকে সরকারি চাল পিকআপে করে অন্যত্র নেওয়া হচ্ছিল—এমন খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন পিকআপটি আটকে দেন।
ভান্ডারুয়া গ্রামের বাসিন্দা মুঞ্জিল মিয়া অভিযোগ করেন, ডিলারের দোকান থেকে চাল সরিয়ে নেওয়ার বিষয়টি জানতে পেরে স্থানীয়রা পিকআপটি আটক করেন। এ সময় সেখানে লোকজন জড়ো হন। পরে চালভর্তি পিকআপ আটকের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
স্থানীয় ইউপি সদস্য মন্নান মিয়া বলেন, “চাল আটকের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি গাড়িটি আটক করে শত শত মানুষ দাঁড়িয়ে আছেন। ১৫ টাকা কেজি দরে চাল পাওয়ার কার্ডধারীদের কেউ কেউ চাল না পেয়ে ফিরে যাওয়ার অভিযোগ করেছেন। বাজারের পাহারাদার ও স্থানীয় লোকজন পিকআপটি আটক করেছেন।”
অভিযোগের বিষয়ে ডিলার জাহাঙ্গীর ভূঁইয়া বলেন, “আমি ব্রাহ্মণবাড়িয়ায় ডাক্তারের কাছে আছি। এসে বিস্তারিত জানাব।”
মাধবপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আমিরুল ফারুক বলেন, “ঘটনাস্থলে দুই খাদ্য পরিদর্শক পাঠিয়েছি।”
মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান বলেন, “ঘটনাটি শুনেছি। উপজেলা খাদ্য কর্মকর্তা ও খাদ্য গুদামের কর্মকর্তারা ঘটনাস্থলে যাচ্ছেন। সরেজমিনে প্রকৃত ঘটনা জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”