ফরিদপুরের মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের সীতারামপুর দাসপাড়া গ্রামে পুকুরের পানিতে ডুবে উৎস সরকার (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৭টার দিকে এ ঘটনা ঘটে।
উৎস সরকার ওই গ্রামের উত্তম সরকারের একমাত্র ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে উৎসের মা বাড়ির কাজে ব্যস্ত থাকার সুযোগে শিশুটি একপর্যায়ে বাড়ির বাইরে চলে যায়। পরে তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন।
খোঁজাখুঁজির একপর্যায়ে পাশের পুকুরে শিশুটির স্যান্ডেল ভাসতে দেখা যায়। পরে পুকুরে তল্লাশি চালিয়ে পানির নিচ থেকে উৎসের মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় পরিবারে শোকের মাতম চলছে। শিশুটির মৃত্যুতে স্থানীয়দের মধ্যেও নেমে এসেছে শোকের ছায়া।
📊
সংবাদ পরিসংখ্যান চার্ট