নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের নাগরপুর সদর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কলেজ রোডের তিনটি ফ্যাশন হাউস ভস্মীভূত হয়েছে। ব্যবসায়ীদের দাবি, অগ্নিকাণ্ডে নগদ অর্থসহ প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে নাগরপুর সদর বাজারের কলেজ রোডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে মিতু ফ্যাশন, জারিন ফ্যাশন ও এভরি ডে ফ্যাশন নামে তিনটি দোকান পুড়ে যায়।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে নাগরপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। বাজারের ব্যবসায়ী ও স্থানীয়দের সহযোগিতায় প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, প্রতিদিনের মতো রাত ৯টার মধ্যে দোকান বন্ধ করে তারা বাড়ি চলে যান। বাড়িতে পৌঁছানোর পর মোবাইল ফোনের মাধ্যমে দোকানে আগুন লাগার খবর পান। পরে দ্রুত বাজারে এসে দেখেন, ফায়ার সার্ভিস, বাজারের ব্যবসায়ী ও পুলিশ প্রশাসনের সদস্যরা আগুন নেভানোর কাজে নিয়োজিত রয়েছেন।
ক্ষতিগ্রস্ত তিন দোকানি জানান, অগ্নিকাণ্ডে দোকানের মালামাল ও নগদ অর্থ পুড়ে গেছে। এতে তাদের প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
নাগরপুর ফায়ার স্টেশনের অফিসার অনয় কুমার ঘোষ বলেন, “অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমার ইউনিট নিয়ে দ্রুত ঘটনাস্থলে আসি। বাজার ব্যবসায়ীদের সহযোগিতায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়েছে। প্রাথমিকভাবে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত সাপেক্ষে আগুন লাগার সঠিক কারণ জানা যাবে।”
নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জহুরুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে পর্যাপ্ত পুলিশ সদস্য নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে যাতে বাজারে কোনো ধরনের আইনশৃঙ্খলার অবনতি না ঘটে, সে জন্য পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়।
নাগরপুর বাজার বণিক সমিতির সভাপতি আক্তারুজ্জামান বকুল বলেন, “অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমি তাৎক্ষণিক ফায়ার সার্ভিসে ফোন করি এবং থানা পুলিশকে বিষয়টি জানাই। সকলের প্রাণপণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসায় আমি উপস্থিত সবাইকে কৃতজ্ঞতা জানাই।”
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন নাগরপুর-দেলদুয়ারের সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু এমপির প্রতিনিধি ও উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. আরিফুল ইসলাম নবা, বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা গোলাম, সহ-সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন মুসা, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি, বাজার বণিক সমিতির কোষাধ্যক্ষ মো. রাজিব আহমেদ, সদস্য তোফাজ্জল হোসেন তুহিন, সাবেক সহ-সাধারণ সম্পাদক মো. ছায়েদ আলী স্বাধীনসহ অনেকে।