গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও রংপুর-২ আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম।
তিনি বলেন, শপথ গ্রহণের দিন থেকেই এই প্রতারণা শুরু হয়েছে। গণরায়ের বাস্তবায়ন নিশ্চিত করার লক্ষ্যেই ১১ দলীয় ঐক্যজোট লংমার্চ কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে সিরাজগঞ্জের উল্লাপাড়ার হাটিকুমরুলে ন্যাশনাল ফুড ভিলেজ হোটেলের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আগামী ১৯ মার্চ ঢাকা থেকে রংপুর লংমার্চ কর্মসূচি বাস্তবায়ন এবং ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
‘গণরায় বাস্তবায়ন আমাদের গুরুদায়িত্ব’
এটিএম আজহারুল ইসলাম বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে যে লক্ষ্য নিয়ে ছাত্র-জনতা আত্মত্যাগ করেছেন, সেই লক্ষ্য বাস্তবায়ন সবার গুরুদায়িত্ব। কিন্তু বিএনপি সেই দায়িত্ব এড়িয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, জনগণের রায় বাস্তবায়নের জন্য তারা বারবার দাবি জানিয়েছেন। কিন্তু বিএনপি নানা অজুহাতে তাদের দাবিকে উপেক্ষা করছে।
তার দাবি, এ নিয়ে সংসদে কয়েক দফা ওয়াকআউট এবং বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রতিবাদ জানানো হলেও সরকার তাদের দাবিতে কর্ণপাত করছে না।
‘জনগণের রায় অস্বীকার করেছে বিএনপি’
জামায়াতের এই নেতা আরও অভিযোগ করেন, বিএনপি জনগণের রায়কে অস্বীকার করেছে। গণভোটের রায় বাস্তবায়ন না করা হলে রাজপথে আন্দোলন অব্যাহত রাখার হুঁশিয়ারি দেন তিনি।
তিনি বলেন, গণরায়ের বাস্তবায়ন নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।
সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও উল্লাপাড়ার সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খানসহ জামায়াতের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।