টাঙ্গাইলের নাগরপুর সদর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি ব্যবসাপ্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে গেছে। এতে নগদ অর্থ ও দোকানের মালামালসহ প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে বাজারের কলেজ রোড এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুনে কলেজ রোডের মিতু ফ্যাশন, জারিন ফ্যাশন ও এভরি ডে ফ্যাশন নামের তিনটি দোকান পুড়ে যায়। খবর পেয়ে নাগরপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় ব্যবসায়ী ও পুলিশের সহযোগিতায় আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, প্রতিদিনের মতো সোমবার রাত ৯টার মধ্যে তারা দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশে চলে যান। বাড়িতে পৌঁছানোর পর মোবাইল ফোনে দোকানে আগুন লাগার খবর পান। পরে দ্রুত বাজারে এসে দেখতে পান ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় ব্যবসায়ীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।
ক্ষতিগ্রস্ত তিন ব্যবসায়ীর দাবি, আগুনে দোকানের বিপুল পরিমাণ পোশাক ও অন্যান্য মালামালের পাশাপাশি নগদ অর্থ পুড়ে গেছে। সব মিলিয়ে তাদের প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে।
নাগরপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার অনয় কুমার ঘোষ বলেন, খবর পাওয়ার পরপরই একটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করা হয়। স্থানীয় ব্যবসায়ীদের সহযোগিতায় প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জহুরুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে পর্যাপ্ত সংখ্যক পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়। আগুনকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে, সে জন্য পুলিশ সদস্যরা সেখানে দায়িত্ব পালন করেন।
নাগরপুর বাজার বণিক সমিতির সভাপতি আক্তারুজ্জামান বকুল বলেন, আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি ফায়ার সার্ভিসে ফোন করেন এবং থানা পুলিশকে বিষয়টি জানান। ফায়ার সার্ভিস, পুলিশ ও ব্যবসায়ীদের সম্মিলিত প্রচেষ্টায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় তিনি সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন নাগরপুর-দেলদুয়ারের সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু এমপির প্রতিনিধি ও উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. আরিফুল ইসলাম নবা। এ সময় উপস্থিত ছিলেন বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা গোলাম, সহ-সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন মুসা, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি, বণিক সমিতির কোষাধ্যক্ষ মো. রাজিব আহম্মেদ, সদস্য তোফাজ্জল হোসেন তুহিন এবং সাবেক সহ-সাধারণ সম্পাদক মো. ছায়েদ আলী স্বাধীনসহ অনেকে।
নাগরপুর সদর বাজারে ভয়াবহ আগুন, পুড়ল ৩ দোকান; ক্ষতি দেড় কোটি টাকা.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও
নাগরপুর সদর বাজারে ভয়াবহ আগুন, পুড়ল ৩ দোকান; ক্ষতি দেড় কোটি টাকা..
ছবি: সংগৃহীত
कोई टिप्पणी नहीं मिली