কাশিয়ানীতে নছিমনের নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, চালক নিহত
মোঃ মামুন মোল্লা, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি:
গোপালগঞ্জের কাশিয়ানীতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছে ধাক্কা দেওয়ায় নছিমনের চালক মো. রাসেল শেখ (৩০) নিহত হয়েছেন।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ১টার দিকে উপজেলার মহেশপুর ইউনিয়নের হিরণকান্দি মধ্যপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাসেল শেখ মুকসুদপুর উপজেলার শাশুনিয়া এলাকার রফিক শেখের মেজো ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে রাসেল শেখ নছিমন নিয়ে ওই সড়ক দিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে নছিমনটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সেটি সড়কের পাশের খাদসংলগ্ন একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা দেয়। এতে নছিমনের হ্যান্ডেল তাঁর পেটে ঢুকে গুরুতর আহত হন তিনি।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত রাসেলকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পরে মরদেহ কাশিয়ানী থানায় নেওয়া হয়। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পুলিশ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে।
রাসেলের আকস্মিক মৃত্যুতে তাঁর পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
'আই নিউজ বিডি' অ্যাপ
Bình luận 0