মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
মোঃ মামুন মোল্লা, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি:
গোপালগঞ্জের মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ উঠেছে। রোববার (১৩ সেপ্টেম্বর ২০২৬) আনুমানিক সকাল ১১টার দিকে উপজেলার ভাবড়াশুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর আগে প্রথম স্ত্রী থাকা অবস্থায় ফরিদপুরের নগরকান্দা উপজেলার শাকপাইলদিয়া গ্রামের হিন্দু সম্প্রদায়ের সিদাম মাঝির মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ভাবড়াশুর গ্রামের ছরোয়ার সিকদারের ছেলে তারিক সিকদারের। পরে ওই নারীকে ধর্মান্তরিত করে মুসলিম করা হয় এবং তার নাম রাখা হয় মিম আক্তার। এরপর তারিক সিকদার তাকে বিয়ে করেন।
তবে বিয়ের পর থেকেই তাদের মধ্যে দাম্পত্য কলহ চলে আসছিল বলে স্থানীয়রা জানান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে দাম্পত্য কলহের জেরে স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় তারিক সিকদারের হাতে স্ত্রী মিম আক্তার নিহত হন বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনার খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. নাফিছুর রহমানের তত্ত্বাবধানে মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আল-মামুন, এসআই রাসেল ও তদন্ত কর্মকর্তা এসআই মো. মতিয়ার মোল্লাসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশ ঘটনাটি তদন্ত করছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং ঘটনার বিস্তারিত তদন্ত শেষে জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ | আই নিউজ বিডি
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
'আই নিউজ বিডি' অ্যাপ
Comentarios 0