মাধবপুরে কাভার্ড ভ্যানের সঙ্গে ইউএনওর গাড়ির সংঘর্ষ, প্রাণে বাঁচলেন ইউএনওসহ তিনজন.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

মাধবপুরে কাভার্ড ভ্যানের সঙ্গে ইউএনওর গাড়ির সংঘর্ষ, প্রাণে বাঁচলেন ইউএনওসহ তিনজন..

Nahid Hasan avatar   
Nahid Hasan
মাধবপুরে কাভার্ড ভ্যানের সঙ্গে ইউএনওর গাড়ির সংঘর্ষ, প্রাণে বাঁচলেন ইউএনওসহ তিনজন..
মাধবপুরে কাভার্ড ভ্যানের সঙ্গে ইউএনওর গাড়ির সংঘর্ষ, প্রাণে বাঁচলেন ইউএনওসহ তিনজন..
ছবি: সংগৃহীত
****



মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি ॥ হবিগঞ্জের মাধবপুরে কাভার্ড ভ্যানের সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসানকে বহনকারী সরকারি জিপের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে অল্পের জন্য রক্ষা পেয়েছেন ইউএনওসহ গাড়িতে থাকা তিনজন। দুর্ঘটনায় কাভার্ড ভ্যানের হেলপার মানিক মিয়া আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে সরকারি জিপ, কাভার্ড ভ্যান ও একটি প্রাইভেটকার।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের সাহেব বাড়ি সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, ইউএনও মো. মেহেদী হাসান মাধবপুর থেকে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে মাসিক সভায় যোগ দিতে যাচ্ছিলেন। পথে মাধবপুর থেকে হবিগঞ্জমুখী সরকারি জিপ (হবিগঞ্জ-১৬-১০৬৮) এর সঙ্গে বিপরীত দিক থেকে আসা কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-উ-১৪-০৯৩৬) এর মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের পর সরকারি জিপটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে চলে যায়। এ সময় পেছনে থাকা একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-১২-৮৬২৪)ও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়। কাভার্ড ভ্যানের হেলপার মানিক মিয়া আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তার বাড়ি ময়মনসিংহ জেলায় বলে জানা গেছে।
স্থানীয়দের দাবি, দুর্ঘটনার সময় কাভার্ড ভ্যানটি হেলপার চালাচ্ছিলেন। তবে বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সরিয়ে নেয়।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ক্ষতিগ্রস্ত যানবাহনগুলো পুলিশের হেফাজতে রয়েছে। কাভার্ড ভ্যানের চালক দুর্ঘটনার পর পালিয়ে গেছেন। আহত হেলপার মানিক মিয়া হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Ingen kommentarer fundet


News Card Generator