পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২
মোঃ আসাদুজ্জামান
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার চান্দেরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যদের গুলিতে আসাদুল হক (৩৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ। এছাড়া একজন পালিয়ে বাংলাদেশে ফিরে এলেও অপর একজন নিখোঁজ রয়েছেন।
শনিবার (১২ সেপ্টেম্বর) ভোররাতে এ ঘটনা ঘটে। নিহত আসাদুল হক পীরগঞ্জ উপজেলার ইন্দ্রইল গ্রামের ওয়াজেদ আলীর ছেলে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয়রা জানান, শনিবার ভোররাতে আসাদুল হকসহ পাঁচ বাংলাদেশি চান্দেরহাট সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেন। এ সময় ভারতের কালিয়াগঞ্জ এলাকার চকসিবানন্দ ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে আসাদুল হক গুলিবিদ্ধ হয়ে আহত হন। পরে বিএসএফ সদস্যরা তাকে উদ্ধার করে ভারতের রায়গঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় আরও দুই বাংলাদেশিকে আটক করে বিএসএফ। দলের একজন সদস্য পালিয়ে বাংলাদেশে ফিরে আসেন। অপর একজনের কোনো সন্ধান পাওয়া যায়নি বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে আটক ও নিখোঁজ ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ভারতের রায়গঞ্জ জেনারেল হাসপাতালে শনিবার বিকেলে নিহত আসাদুল হকের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে বলেও জানা গেছে। ঘটনাটি নিয়ে ভারতীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলেও চান্দেরহাট বিজিবি ক্যাম্পের ইনচার্জ এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানেন না বলে জানিয়েছেন।
এদিকে, পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল হাকিম শনিবার রাত সাড়ে ১০টার দিকে জানান, তিনি ঘটনাটি শুনেছেন এবং বিষয়টি সম্পর্কে খোঁজখবর রাখছেন।