সিরাজগঞ্জ তাড়াশের দেশীগ্রাম ইউনিয়নের ভোগলমান চারমাথা এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ, চুরি-ডাকাতি প্রতিরোধ ও মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে এক বিশাল জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (১২ সেপ্টেম্বর) শনিবার অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু। প্রধান অতিথির বক্তব্যে তিনি অপরাধ ও মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের কঠোর অবস্থান তুলে ধরে ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করেন।
তিনি স্পষ্ট জানান, অপরাধী বা মাদক কারবারি যত প্রভাবশালীই হোক না কেন, তাদের কোনো ছাড় দেওয়া হবে না।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উল্লাপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার, তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) সহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং দেশীগ্রাম এলাকার সর্বস্তরের সাধারণ জনগণ।
সভায় বক্তারা একটি নিরাপদ ও শান্তিময় সমাজ গঠনে শুধু আইন প্রয়োগকারী সংস্থার ওপর নির্ভর না করে সাধারণ জনগণের সচেতনতা বৃদ্ধি এবং যেকোনো অপরাধের তথ্য তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানোর ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
অসাধু চক্রের যেকোনো অপতৎপরতা রুখে দিতে পুলিশ ও সাধারণ জনগণ হাতে হাত রেখে একসাথে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে সভাটি সমাপ্ত হয়।