ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অ্যারাবিক ক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের যুক্তি, বিশ্লেষণ ও উপস্থাপনা দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে 'এশিয়ান পার্লামেন্টারি বিতর্কের মূলনীতি' শীর্ষক বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনের ৩০৩ নম্বর কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় ক্লাবের সভাপতি আমির ফয়সালের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি ইয়াছিন আলী। এসময় ক্লাবের অন্য দায়িত্বশীল ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান বক্তা ইয়াছিন আলী এশিয়ান পার্লামেন্টারি বিতর্কের- মৌলিক কাঠামো, বিতর্কের নিয়ম ও কৌশল, যুক্তি নির্মাণ ও উপস্থাপনা, বক্তব্য প্রদানের কৌশল এবং বিতর্কে কার্যকর অংশগ্রহণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। পাশাপাশি শিক্ষার্থীদের বিতর্কচর্চায় প্রয়োজনীয় বিভিন্ন কৌশল ও বাস্তবভিত্তিক দিকনির্দেশনা প্রদান করেন।
তিনি বলেন, 'বিতর্ক শিক্ষার্থীদের যুক্তিনির্ভর চিন্তা, বিশ্লেষণী দক্ষতা, আত্মবিশ্বাস এবং কার্যকর উপস্থাপনা সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে এশিয়ান পার্লামেন্টারি বিতর্কের-মৌলিক কাঠামো ও কৌশল সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা অর্জনের মাধ্যমে শিক্ষার্থীরা বিতর্কচর্চায় আরও দক্ষ হয়ে উঠতে পারবে। এ ধরনের কর্মশালা শিক্ষার্থীদের বিতর্কের প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি তাদের চিন্তা ও উপস্থাপনা দক্ষতা বিকাশে সহায়ক হবে।'
অ্যারাবিক ক্লাবের সভাপতি আমির ফয়সাল বলেন, 'শিক্ষার্থীদের একাডেমিক দক্ষতার পাশাপাশি যুক্তি, বিশ্লেষণ ও উপস্থাপনা দক্ষতা বৃদ্ধির জন্য এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও সদস্যদের দক্ষতা উন্নয়নে অ্যারাবিক ক্লাব নিয়মিতভাবে এ ধরনের প্রশিক্ষণমূলক কার্যক্রম আয়োজন করবে।'
אפליקציית "Eye News BD"
הערות 0